নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৯ আগস্ট) রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ও তাঁর সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
সম্মিলিত সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদানের নানা দিকও তুলে ধরা হয়।
এম/এএম