Dhaka Mail Logo

শিক্ষা

জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে গোপন কার্যকলাপ তদন্তে কমিটি

০৬ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই প্রতিবেদনের তথ্য-উপাত্ত যাচাই করে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন প্রস্তুতের উদ্দেশ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে এবং সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ও  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৩ আগস্টের মধ্যে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা যাচাই করে তথ্যভিত্তিক প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে হবে।

এছাড়া, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ এবং বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়েও অনুসন্ধান করে কমিটিকে মতামত দিতে বলা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিনিধি/এএম