Dhaka Mail Logo

শিক্ষা / রাজনীতি

এবার ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতে এবার ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পুরো বকশিবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সাড়ে চারটার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে। শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও বিকেলে ৫টার দিকে সংঘর্ষ বাধে।

এসময় ছাত্রদলের সঙ্গে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরাও যোগ দেয়। ফলে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা পরিস্থিতি  নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। তবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোট কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

Alia_Madrasa_Chhatra_Dal_Student_Union_1
ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় সংঘর্ষ ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের অবস্থান।  ছবি- ঢাকা মেইল

 

চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা দুই গ্রুপের মাঝে রয়েছি। এখনো সংঘর্ষ চলছে। আমরা থামানোর চেষ্টা করছি।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হল দখলকে কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

সরেজমিনে দেখা গেছে, দুই পক্ষের সংঘর্ষ ঘিরে  আলিয়া মাদরাসার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাদরাসার আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিইউ/এমআইকে/এএম