ঢাকা কলেজে শাখা ছাত্রশিবিরের পূর্বঘোষিত প্রোগ্রামে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এতে শিবিরের ২০ জন নেতাকর্মী এবং ছাত্রদলের ৭ জন মোট ২৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নং-২ এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজের ২ নং গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কলেজ শাখা ছাত্রশিবির। সেই প্রোগ্রামের ব্যানার টানানোর সময় অতর্কিত হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নীলক্ষেতে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উভয় দলের ২৭ জন আহত হয় বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ২ নাম্বার গ্যালারিএর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।
ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, আজ সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশে আক্রমণ করে। আমারা আমাদের কর্মী এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো কার্যক্রম এ ক্যাম্পাসে হবে না। আমরা শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনোভাবেই এই ক্যাম্পাসে তাদেরকে রাজনীতি করতে দেব না।
এসএইচ/এএইচ



