Dhaka Mail Logo

শিক্ষা

১১ নভেম্বর থেকে ঢাবিতে ভর্তি আবেদন, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। 

আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

নির্ধারিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

কেন্দ্রগুলো হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও আগের কাঠামো বহাল রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। 

চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। আর আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যান্য ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। চারুকলা ইউনিটে এমসিকিউর জন্য ৩০ মিনিট ও অঙ্কনের জন্য ৬০ মিনিট এবং আইবিএ ইউনিটে এমসিকিউর জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে মেধা মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। তবে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ৮ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫ নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। তবে বিজ্ঞান বিভাগের আবেদনকারীদের ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে।

চারুকলা ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে ৩.০ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সভায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

এমএইচ/এআরএম