নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা নিবন্ধন করে পুনরায় পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরাই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। যারা ওই দিন পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।’
আরও পড়ুন: পদত্যাগ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ হওয়ায় আবার পরীক্ষা দিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘না, এটা তো সম্ভব না। যারা পরীক্ষা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি। এরপর আর কোনো কথা নেই।’
এর আগে ১৩ জুলাই ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই চট্টগ্রামের পাঁচ জেলা বাদে দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল।
বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। পরে ওই দিনের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
এমএইচ/এমআই