উপজেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নিয়মবহির্ভূত বা এজেন্ডাবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করা হয়েছে এবং এখানকার শিক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার কারণে যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত রয়েছে, তাদের বিষয়ে সরকার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বলেও জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যেই তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এফএ