বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পথচলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পথচলা শুরু

রাজধানীতে মুষলধারে বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

শনিবার (১১ জুলাই) বিরূপ আবহাওয়া ও পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরুর সময় ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

সরেজমিনে ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে কেন্দ্রের সামনের সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে গেছে। অনেক পরীক্ষার্থী ভেজা কাপড় নিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। একই সঙ্গে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদেরও বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে দেখা যায়।

দূর-দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খান। কেউ কেউ ছাতা সঙ্গে রেখেও অতিরিক্ত বৃষ্টির কারণে পুরোপুরি ভিজে যান। বৈরী আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার চেষ্টা করেন ভর্তি-ইচ্ছুকরা।

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, ‘আমি নোয়াখালী থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। সকাল থেকেই টানা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সঙ্গে ছাতা থাকলেও বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে পুরোপুরি ভিজে গেছি। ভেজা কাপড় নিয়েই পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে। এতে শারীরিক অস্বস্তির পাশাপাশি মানসিক চাপও বেড়েছে। পরীক্ষা নিয়ে আগে থেকেই কিছুটা দুশ্চিন্তা ছিল, বৈরী আবহাওয়ায় সেই উদ্বেগ আরও বেড়ে গেছে। তারপরও আশা করছি, ভালোভাবে পরীক্ষা দিতে পারব।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এই দুই ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় পাঁচজন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ১০০টি প্রশ্নের মধ্যে বাংলা থেকে ২৫টি, ইংরেজি থেকে ২৫টি এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

Admission

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে আগামী ১৭ জুলাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এ দুই ইউনিটের আসনবিন্যাস আগামী ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর