images

শিক্ষা

তদন্ত ঠেকাতেই প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৬, ০৬:১৩ পিএম

শিক্ষক নিয়োগসহ বিভিন্ন খাতে দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ, সরকারি কেনাকাটা ও অন্যান্য কাজে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিজি প্রাইমারির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র, নথিপত্র ও কম্পিউটার পুড়ে গেছে। পেছনের বিষয়গুলো খতিয়ে দেখতে গেলেই এমন পরিস্থিতি তৈরি হবে। তাই ধীরে ধীরে কৌশলে এগোতে হবে।

জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নতুনভাবে জাল শিক্ষক শনাক্তের কাজ শুরু করেছে। পাশাপাশি সনদ যাচাইয়ের জন্য নতুন সফটওয়্যার ও অ্যাপও তৈরি করা হচ্ছে।

তিনি আরো বলেন, অনেক বছর ধরে এসব অনিয়ম চলে আসছে। তাই একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ধাপে ধাপে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ মে ভোরে রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম পুড়ে যায়। এ ঘটনায় ৮৩টি ল্যাপটপ গায়েব হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা বোরকা পরা এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এম/এফএ