নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১২:৪৫ পিএম
মাদরাসায় ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন সময়সীমা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার (কমন) মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা কোনো কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তারা এখন বর্ধিত সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবে।
বিজ্ঞপ্তিতে মাদরাসার অধ্যক্ষ, সুপারসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলা হয়েছে, ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে, তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ ও ইএসআইএফ পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) থেকে বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। ফি জমা সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন এন্ট্রির জন্য তথ্য আপলোডের সুযোগ পাওয়া যাবে। ইএসআইএফে তথ্য এন্ট্রির সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে।
এ ক্ষেত্রে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের কোনো তথ্য সংশোধন বা মুছে ফেলার সুযোগ থাকবে না।
রেজিস্ট্রেশন ফি প্রদান বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যার সমাধানে অফিস সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর ব্যবহার করে নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এম/এমআই