images

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী।

পরীক্ষার আগে শেষ মুহূর্তে নতুন কিছু পড়ার চেষ্টা না করে আগে পড়া বিষয়গুলো পুনরাবৃত্তি করাই সবচেয়ে কার্যকর। এতে মানসিক চাপ কমে এবং আত্মবিশ্বাস বাড়ে।

পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানো জরুরি। এতে তাড়াহুড়া এড়ানো যায় এবং মানসিক প্রস্তুতির সুযোগ মেলে। প্রবেশপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় কলম আগের রাতেই প্রস্তুত রাখা উচিত, কারণ এসব ছোট ভুল অনেক সময় বড় সমস্যার কারণ হয়।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, মোট নম্বর ১০০ এবং সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। ফলে কোনো প্রশ্ন ফাঁকা না রেখে উত্তর দেওয়াই ভালো কৌশল।

প্রশ্নপত্রে বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং গ্রুপভিত্তিক বিষয়ে ৪০ নম্বর থাকবে। পাস নম্বর ৩৫ হলেও ভালো ফলের জন্য বেশি নম্বর অর্জনের লক্ষ্য রাখা প্রয়োজন।

পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে সহজ প্রশ্নগুলো সমাধান করা উচিত। এতে সময় বাঁচে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কঠিন প্রশ্নগুলো পরে করার জন্য রেখে দেওয়া ভালো।

ওএমআর শিট পূরণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করে সঠিকভাবে বৃত্ত পূরণ করতে হবে এবং কোনো ধরনের কাটাকাটি এড়াতে হবে।

পরীক্ষার পুরো সময়জুড়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকদের সঙ্গে ভদ্র আচরণ করা গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা দেখা দিলে তাদের সহায়তা নেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত।

এম/এমআই