images

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির ক্ষমতা পাচ্ছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের নিজ আবেদনের ভিত্তিতে বদলির সুযোগ রাখা হয়নি। তবে প্রয়োজন মনে করলে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি তাদের বদলি করতে পারবে-এমন বিধান রেখে শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন নীতিমালার একটি ধারায় সরকার চাইলে প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলির ক্ষমতা রাখবে। এতে প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বদলি সংক্রান্ত সফটওয়্যার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি পাঠাবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা ১৫ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

মাউশির এক কর্মকর্তা জানান, তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় চিঠি প্রস্তুত রয়েছে এবং আগামী সপ্তাহেই তা পাঠানো হতে পারে।

জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা এ সুবিধা পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই সুযোগ বন্ধ করা হয়।

পরে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় একটি নীতিমালা প্রণয়ন করা হলেও তা পুনরায় সংশোধন করা হয়েছে এবং আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এম/এমআই