বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদকে (জকসু) দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত চার প্রতিনিধি। তবে অভিযোগ অস্বীকার করে জকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) রিয়াজুল ইসলাম বলেছেন, এক সময়ে সারাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রশিবিরের ওপর হামলা হলেও তখন তারা বিক্ষোভ মিছিল করেননি। ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ও জুলাইয়ের অগ্রসৈনিকদের ওপর হামলার পরই তারা প্রতিবাদে নেমেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় রিয়াজুল ইসলাম এ তথ্য জানান। একই দিন দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি এসব অভিযোগ আনেন।
জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আজ ডাকসু নেতাদের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমার ওপরও হতে পারে। এই জায়গা থেকেই আমরা অবস্থান নিয়েছি। একই ইস্যুতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু, রাকসু ও চকসুও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনা ঘটলেও তখন তারা কোনো কর্মসূচি দেননি। কিন্তু ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ও জুলাইয়ের অগ্রসৈনিকদের ওপর হামলার পরই প্রতিবাদে নামা হয়েছে। এটি কোনো দলীয় বিষয় নয়, বরং শিক্ষার্থী প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন।’
অন্যদিকে সংবাদ সম্মেলনে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব অভিযোগ করে বলেন, ‘সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে। আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের সম্পৃক্ত করা হচ্ছে না। বারবার একতরফাভাবে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।’
রিয়াসাল রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, জকসুর ব্যানারে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বন্ধ না হলে তাঁরা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
আরও পড়ুন: ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বলেন, ‘জকসু একটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম। এর ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় বক্তব্য দেওয়া অনুচিত। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব জকসুর সঠিক ব্যবহার নিশ্চিত করা।’
সংবাদ সম্মেলনে জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হাসান ও নির্বাহী সদস্য সাদমান সাম্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ২৩ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
প্রতিনিধি/এমআই