images

শিক্ষা

বিজয় ৭১ হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ নিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ উত্তেজনা তৈরি হয়। 

ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনের দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির-সংশ্লিষ্ট নেতা হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব এতে বাধা দেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ছাত্রদলের একজন কর্মীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছে বিজয় ৭১ হল ছাত্রদল।

ছাত্রদলের অভিযোগ, তাদের এক কর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রশিবির-সংশ্লিষ্ট ওই নেতা। প্রতিবাদে তারা একত্র হয়ে বিক্ষোভ-মিছিল করে এবং ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্ত, গুপ্ত, জামাতশিবিরের গুপ্ত’ ইত্যাদি স্লোগান দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজয় ৭১ হল ছাত্রদল বিক্ষোভের ডাক দেয়। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, একই সময়ে বিজয় ৭১ হল সংসদের ভিপি হাসানুল বান্না তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘প্রতিবাদের নামে বিজয় একাত্তর হলের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং শৃঙ্খলা নষ্ট করছে একটা গোষ্ঠী। নিন্দা জানিয়ে রাখলাম।’
 
সাম্প্রতিক সময়ে ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে চট্টগ্রাম সিটি কলেজেও একই ধরনের ঘটনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এআরএম