নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হলো শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে শিক্ষার ভিশন হিসেবে দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন, যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের কার্যক্রম আরও বিস্তৃত ও মানসম্মত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। পাশাপাশি তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ানোর ওপরও জোর দেন।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম/এআরএম