মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি থাকবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁসেরও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে একযোগে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি ছিল সন্তোষজনক।

তিনি বলেন, আমরা মাঠপর্যায়ে ঘুরে দেখেছি সবখানেই শৃঙ্খলা বজায় রয়েছে। প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

পরবর্তী পরীক্ষাগুলোও কঠোর নজরদারিতে থাকবে জানিয়ে এহসানুল হক মিলন বলেন, ‘আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে এটি সত্যিই অভাবনীয় এবং তাদের যে আনন্দ উৎফুল্লতা আমি যাওয়ার পরে এতে সত্যিই সমাদৃত হয়েছি। আপনারা আগামী পরীক্ষাগুলোকে এভাবেই সহযোগিতা করবেন। পরের পরীক্ষাগুলো আমি যতটা সম্ভব মনিটরিং করব এবং আমার টিম মনিটরিং করবে এবং আপনারাও করবেন। এর মাঝে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আপনার পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন।’

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র সচিবরা নিজ নিজ কক্ষে বসে সরাসরি পরীক্ষা পর্যবেক্ষণ করছেন। তিনি নির্দেশ দিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করা সম্ভব হয়।


বিজ্ঞাপন


প্রশ্নফাঁসের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, এবার কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং এমন কোনো সম্ভাবনাও নেই। সংশ্লিষ্ট সব দপ্তর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। আর মাদরাসার কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২১ হাজার ১১৮ জন। এবারের পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ 'একগুচ্ছ' পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর