images

শিক্ষা

কেন্দ্র থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

এসএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বাসায় ফেরার তাড়া না দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা এবং প্রশ্নপত্র নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন সহপাঠীরা। 

রাজধানীর মতিঝিল এলাকার মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে পরীক্ষা শেষ হলে একে একে কেন্দ্রগুলোর গেট খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা বের হতে শুরু করলে সামনে ছোট ছোট দলে ভাগ হয়ে দাঁড়াতে দেখা যায় তাদের। 

কেউ প্রশ্নের উত্তর মিলিয়ে দেখছে, কেউ আবার কোন অংশ সহজ ছিল আর কোনটা কঠিন হয়েছে তা নিয়ে আলোচনা করছে।

মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কেন্দ্র থেকে বের হওয়া পরীক্ষার্থী মাহিন হাসান জানায়, পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করেই তার ভেতরে হালকা একটা অনুভূতি তৈরি হয়েছে। সে বলে, পরীক্ষা শেষ হলে চাপটা কমে যায়, তাই বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলছে।

একই কেন্দ্রের শিক্ষার্থী রাকিব হোসেন জানায়, বাসায় ফেরার তাড়াহুড়া নেই, তাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় সবাই কিছুটা স্বস্তিতে আছে এবং সেটাই আড্ডায় ফুটে উঠছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে কথা হয় শিক্ষার্থী সিয়াম আহমেদের সঙ্গে। তিনি বলেন, পরীক্ষা শেষে একসঙ্গে দাঁড়িয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করাটা তাদের নিয়মিত অভ্যাসের মতো। কে কোন উত্তর দিয়েছে, কোথায় ভুল হতে পারে—এসব মিলিয়ে দেখা হয়।

মতিঝিল গার্লস স্কুল কেন্দ্রের সামনে শিক্ষার্থী তানভীর হাসান জানান, প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় এখন কিছুটা রিল্যাক্সড লাগছে। তবে কিছু সময় বন্ধুদের সঙ্গে কাটানোর পর বাসায় গিয়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

কেন্দ্রগুলোর সামনে এ সময় অভিভাবকদেরও অপেক্ষা করতে দেখা যায়। তারা দূর থেকে সন্তানদের আড্ডার দৃশ্য লক্ষ্য করেন। অভিভাবক নাসিমা আক্তার জানান, সন্তানদের স্বাভাবিকভাবে কথা বলতে দেখলে বোঝা যায় তারা চাপমুক্ত আছে।

অভিভাবক শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে সন্তানদের মুখে হাসি দেখলে ভালো লাগে। এতে বোঝা যায় তারা পরীক্ষা নিয়ে খুব বেশি সমস্যায় পড়েনি।

কেন্দ্রগুলোর গেটের সামনে কিছু সময়ের জন্য ভিড় তৈরি হয়। শিক্ষার্থীরা দাঁড়িয়ে মোবাইল নম্বর আদান-প্রদান করে, কেউ ছবি তোলে, কেউ আবার পরবর্তী পরীক্ষার বিষয়ে কথা বলে। কয়েকজনকে একসঙ্গে দাঁড়িয়ে হাসাহাসি করতে দেখা যায়।

দায়িত্বে থাকা এক শিক্ষক আব্দুল কাদের জানান, পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই স্বস্তি কাজ করে। তাই তারা কিছু সময় বন্ধুদের সঙ্গে কাটায়, পরে ধীরে ধীরে সবাই চলে যায়।

এএইচ/এআরএম