images

শিক্ষা

ময়মনসিংহ মেডিকেলের ক্লাস-পরীক্ষা স্থগিত, ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। 

শনিবার (১৮ এপ্রিল) সংগঠনের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাবকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে নাফিউল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আহতরা হলেন, মো. মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মো. মুয়াজ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর হামিদুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী।

এসএইচ/এআরএম