বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬৬ শতাংশ। এতে সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্রী ফারহানা সুলতানা ঐশী।
সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক তথ্যটি নিশ্চিত করেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭৭.৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন (২২.৫০%)।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর উপরে) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন। অর্থাৎ, উপস্থিত পরীক্ষার্থীদের পাসের হার ৬৬.০০ শতাংশ। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র ভরাট সংক্রান্ত ভুলের কারণে ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
এবারের ‘সি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন ফারহানা সুলতানা ঐশী। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৮৫। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যদিকে, এই পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ৫ (-৫)।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।
প্রতিনিধি/এসএস