নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ০৫:১৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি না, দেশের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমকে নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ডাকসু নির্বাচন নিয়মিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপাচার্য বিগত আওয়ামী সরকারের সময়ের কথা উল্লেখ করে বলেন, আমি নিজেই ডাকসু নির্বাচনের জন্য সিনেটের অধিবেশনে কথা বলেছি। আমি শুধুমাত্র শিক্ষকদের স্বার্থ নিয়ে কথা বলি নাই, আন্দোলন করি নাই বা দাবি করি নাই। আমি শিক্ষার্থীদের জন্য ডাকসু নির্বাচন হওয়া দরকার এই কথা বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে বলে আসছি।
তিনি আরো বলেন, ডাকসু নির্বাচন হওয়া শুধুমাত্র আমার জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি না, দেশের জন্য জরুরি। কারণ দেশের আগামী নেতৃত্ব তৈরি হবে ডাকসু নির্বাচনের মাধ্যমে। একটা দেশের নেতৃত্ব কিন্তু হঠাৎ করে তৈরি হয় না। নেতৃত্ব হতে হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে, এর মাধ্যমে একজন মানুষ উঠে আসে।
উপাচার্য বলেন, একজন মানুষের রাজনীতি করা কোনো অপরাধ না। রাজনীতি করাটা মানুষকে আরো সামাজিক করে গড়ে তোলে। রাজনীতি করলে মানুষ অন্যের প্রতি পরমতসহিষ্ণু হয়। রাজনীতি করলে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়। নিজের চাওয়ার চেয়ে অন্যের কাছে গিয়ে মানুষের সেবা করার মানসিকতা তৈরি হয়, নেতৃত্বের মানসিকতা তৈরি হয়।
উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু এমন একটা জায়গা যেখান থেকে অনেক নেতা তৈরি হয়। অবশ্যই আমার পরিকল্পনা আছে প্রতিবছরই ডাকসু ও হল সংসদের নির্বাচন হওয়ার, যাতে করে এই দেশ আগামী দিনে নেতৃত্বে পরিপূর্ণ থাকে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ইএইচ/এফএ