নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ তুলে আরও সময় বাড়ানোর দাবি জানিয়েছেন ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা।
রোববার (২৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা এ দাবি জানান।
সমাবেশে পরীক্ষার্থীরা বলেন, সৃজনশীলভাবে প্রস্তুতি নিতে হলে তথ্যভিত্তিক পড়াশোনা জরুরি, কিন্তু বর্তমান সময়সীমার মধ্যে তা সম্ভব হচ্ছে না। কোচিং সেন্টারে পূর্ববর্তী বিসিএস ক্যাডার ও প্রতিযোগীদের খাতা বিশ্লেষণ করে দেখা গেছে, ভালো ফল করতে হলে তথ্য ও ডাটা উপস্থাপনার ওপর জোর দিতে হয়। অথচ দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়ার পরও অনেকেই সিলেবাসের অর্ধেকও শেষ করতে পারেননি।
পরীক্ষার্থীরা আরও বলেন, টানা দুই মাস পড়াশোনা করেও তারা সিলেবাসের ৪০ শতাংশের বেশি শেষ করতে পারেননি। এত অল্প সময়ের মধ্যে বিস্তৃত সিলেবাস শেষ করা বাস্তবসম্মত নয়। একটি কাজের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন হয়; সেটি কমিয়ে দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। ৫৮ দিনের যে সময় দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় নির্বাচন, পবিত্র মাহে রমজান ও ঈদের মতো গুরুত্বপূর্ণ সময় অন্তর্ভুক্ত ছিল। এসবের মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে গেলেও পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এতে অনেকের মধ্যেই হতাশা তৈরি হয়েছে।
তারা জানান, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১২ হাজার পরীক্ষার্থী ইতোমধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই তাদের দাবি, লিখিত পরীক্ষা নেওয়ার আগে অন্তত আরও দুই মাস সময় দেওয়া হোক, যাতে সবাই সমান সুযোগ নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেন। তারা কোনো বিশেষ সুবিধা চান না বা সরাসরি ক্যাডার হওয়ার দাবি করছেন না। বরং একটি সমান সুযোগ নিশ্চিত করার জন্য সময় বাড়ানোর আবেদন জানাচ্ছেন। এতে করে তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের উপযুক্ত করে তুলতে পারবেন বলে মনে করেন।
সমাবেশে বক্তারা বলেন, পূর্ববর্তী বিসিএসগুলোতেও পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে তা পরিবর্তন করা হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বড় কোনো জাতীয় কর্মসূচি না থাকায় পরীক্ষা পেছানোর যৌক্তিকতা রয়েছে বলে তারা মনে করেন।
এএইচ/এআর