images

শিক্ষা

নকলমুক্ত দেশ গড়তে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ১২:৩৬ এএম

নকলমুক্ত দেশ গড়তে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত সরকারের সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে শিক্ষকরাই শিক্ষার্থীদের খাতায় লিখে দিতেন এবং নকল সরবরাহ করতেন। তবে বর্তমান সময়ে এ ধরনের অনিয়ম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে দমন করা হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকলের সূচনা যেমন শিক্ষকদের মাধ্যমেই হয়েছিল, তেমনি তা বন্ধ করতেও তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই আসন্ন পরীক্ষাগুলো সম্পূর্ণ নকলমুক্ত করতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।’

আসন্ন এসএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষা চলাকালীন নয়, বরং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার দায়িত্বকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন এবং এটি নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার এবং জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও সভায় অংশ নেন। পরবর্তীতে শিক্ষামন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এম/এমআই