images

শিক্ষা / সারাদেশ

ইবিতে শিক্ষিকা হত্যা: ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিহত শিক্ষকের স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ অভিযোগ দায়ের করেন।

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।

ইবি থানার ওসি মো. মাসুদ রানা জানান, নিহতের স্বামী চারজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শিক্ষিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।

নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া সরকারি কলেজ মোড় এলাকায় বসবাস করতেন। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ চার সন্তানের জননী।

উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে বসে থাকা অবস্থায় তাকে ছুরিকাঘাত করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/টিবি