Dhaka Mail Logo

অর্থনীতি

রাজস্ব আয় বাড়ানো ছাড়া অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়: মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

রাজস্ব আয় বাড়ানো ছাড়া বিনিয়োগ, বাণিজ্য ও সামাজিক কর্মসূচির মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু ও সংস্কার কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সরকার প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের গতির সঙ্গে তাল মেলাতে হলে প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে পূর্ণ আন্তঃকার্যকারিতা নিশ্চিত করা জরুরি। আগে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থা আলাদাভাবে পরিচালিত হওয়ায় তথ্য আদান-প্রদানে সমন্বয়ের অভাব ছিল।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বীমা নিয়ন্ত্রক সংস্থা ও বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য এবং লেনদেনের আন্তঃকার্যকারিতা নিশ্চিত করা না গেলে তাৎক্ষণিকভাবে কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।

এই অনলাইন প্ল্যাটফর্ম নিবিড় তদারকি, স্বচ্ছতা নিশ্চিত, সময় সাশ্রয়, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান অর্থমন্ত্রী। একই ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দরেও পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বীমা ও পুঁজিবাজার খাতের সংস্কার এবং স্বচ্ছতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতের অনিয়ম ও অপব্যবহারের কারণে দাবি পরিশোধে বিলম্ব, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়েও বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে কাভার নোট ও প্রিমিয়াম পরিশোধে অনিয়ম এবং ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহার বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আন্তঃকার্যকারিতা জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে আন্তঃকার্যকর ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও তদারকি বাড়ানো হচ্ছে। এর ফলে যোগসাজশ ও অনিয়মের সুযোগ বন্ধ করা সম্ভব হবে।

অর্থমন্ত্রী বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বাজারভিত্তিক ব্যবসা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। এ লক্ষ্য অর্জনে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু ও সংস্কার কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করেন তিনি।

সংস্কার বাস্তবায়নে সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও তাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কাস্টমস ও এনবিআরসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে অংশীজনদের এগিয়ে আসতে হবে। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনকল্যাণে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএই/এএস