Dhaka Mail Logo

অর্থনীতি

‘শখ করে মাংস খাওয়ার ইচ্ছে এখন বিলাসিতা, কেনা হয় শুধু অতিথি আপ্যায়নে’

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

বর্তমান সময়ে দ্রুব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। ব্যয় বাড়লেও আয় সেভাবে বাড়েনি। তাই তো শখের বসে গরুর মাংস কেনা অনেক পরিবারের কাছেই এখন বিলাসিতার মতো। 

দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হওয়ায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা শখ করে গরুর মাংস কেনা ছেড়ে দিয়েছেন। পরিবারের কারও বিশেষ আবদার কিংবা বাড়িতে মেহমান এলেই কেবল মাংস কেনার কথা ভাবেন তারা। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

কোথাও ৮০০ টাকায় পাওয়া গেলেও সেই দামও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে। বিকল্প হিসেবে ব্রয়লার মুরগি ও কম দামের মাছ কিনছেন অনেকে। কিন্তু সেখানেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগির কেজি ১৬৫ থেকে ১৭০ টাকা। এর মধ্যে ডিমের দামও ডজনে বেড়েছে ৫ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

যাত্রাবাড়ীর বাজারে কেনাকাটা করতে আসা সামিউল ইসলাম ঢাকা মেইলকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে কম দামের মাছ আর ব্রয়লার মুরগিই ভরসা। গরুর মাংসের ছোঁয়া পেতে চাইলেই ফাঁকা হয়ে যায় পকেট।

তিনি আরও বলেন, বাসায় মেহমান এলে গরুর মাংস না কিনে উপায় থাকে না। সেই সুবাদে আমরাও খেতে পারি। শখ করে নিজেদের জন্য এখন আর মাংস কেনা হয় না। সংসারের খরচ মেটানোর পর মাংস কেনার মতো বাড়তি টাকা থাকে না।

একই বাজারে আ. কাইয়ুম নামের আরেক ক্রেতা বলেন, যাত্রাবাড়ীর আড়তে ৬৫০ টাকা কেজিতেও গরুর মাংস পাওয়া যায়। কিন্তু সেখানে হাড়-গোড় বেশি থাকে। ভালো মাংস নিতে গেলে ৮০০ টাকার কাছাকাছি খরচ করতে হয়। কম দামে কিনতে গেলেও শেষ পর্যন্ত পছন্দমতো মাংস পাওয়া যায় না।

বাজারে আসা আরেক ক্রেতা বলেন, আগে মাসে অন্তত একবার গরুর মাংস কেনার চেষ্টা করতাম। এখন সেই হিসাব মেলানো কঠিন। চাল, ডাল, তেল, সবজি কিনতেই বেশির ভাগ টাকা শেষ হয়ে যায়। মাংস কিনতে গেলে অন্য কোনো খরচ কমাতে হয়। তাই প্রয়োজন ছাড়া মাংস কেনা হয় না।

meat_2

নিম্নআয়ের পরিবারের অনেকের কাছে গরুর মাংস এখন নিয়মিত খাবার নয়, বরং বিশেষ দিনের আয়োজন। পরিবারের সদস্যদের ইচ্ছা থাকলেও বাড়তি খরচের কথা ভেবে বাজারের মাংসের দোকানের সামনে গিয়ে ফিরে আসতে হয়। কারও কারও ক্ষেত্রে ঈদ, পারিবারিক অনুষ্ঠান কিংবা মেহমান আসার মতো উপলক্ষ ছাড়া গরুর মাংস কেনাই হয় না।

বিক্রি আছে, তবে ক্রেতার সামর্থ্য কম 

ক্রেতাদের এমন অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতারা বলছেন, গরুর মাংসের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই আগের মতো পরিমাণে কিনছেন না। কেউ এক কেজির বদলে আধা কেজি নিচ্ছেন, আবার কেউ দাম শুনে না কিনেই ফিরে যাচ্ছেন।

যাত্রাবাড়ীর মাংস বিক্রেতা রবিউল আলম বলেন, দাম বেশি হওয়ায় আগের মতো ক্রেতা পাওয়া যায় না। আগে যারা এক কেজি বা দুই কেজি মাংস নিতেন, তাদের অনেকে এখন আধা কেজি নেন। কেউ কেউ দাম জিজ্ঞেস করে চলে যান। মানুষের সামর্থ্য কমেছে, এটা বাজারে বোঝা যায়।

তিনি বলেন, আমরাও ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারি না। গরু কেনা, পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে মাংসের দাম হিসাব করতে হয়। কম দামে বিক্রি করলে লোকসান হওয়ার আশঙ্কা থাকে।

আরেক বিক্রেতা জানান, ক্রেতাদের একটি অংশ এখন হাড়সহ মাংস কিংবা তুলনামূলক কম দামের অংশ কিনতে চান। তবে ভালো মাংসের চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় অনেকেই পরিমাণ কমিয়ে দিয়েছেন। তার ভাষায়, মানুষের কেনার আগ্রহ আছে, কিন্তু পকেটের অবস্থা আগের মতো নেই। অনেকে দাম শুনে অল্প মাংস নেন। আবার কেউ কেউ একেবারেই কেনেন না।

বিকল্প ব্রয়লারেও স্বস্তি নেই 

গরুর মাংসের দাম নাগালের বাইরে থাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অনেকেই ব্রয়লার মুরগির ওপর নির্ভর করছেন। তবে সেখানেও আগের মতো স্বস্তি নেই। বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়।

এক ক্রেতা বলেন, গরুর মাংস কেনার সামর্থ্য না থাকলে মুরগি কিনি। কিন্তু মুরগির দামও এখন কম নয়। পরিবারের সবাইকে নিয়ে চলতে গেলে প্রতিটি টাকার হিসাব করতে হয়। মাছ, মুরগি, ডিমের মধ্যে যেটার দাম কিছুটা কম থাকে, সেটাই কিনতে হয়।

ব্রয়লার বিক্রেতাদের কাশেম হাওলাদার সঙ্গে কথা বলে জানা যায়, তুলনামূলক কম দাম হওয়ায় গরুর মাংসের বিকল্প হিসেবে অনেক ক্রেতা ব্রয়লার কিনছেন। তবে ক্রেতাদের একটি অংশ আগের তুলনায় কম পরিমাণে মুরগি কিনছেন। কেউ আধা কেজি, কেউ একটি মুরগি নিয়েই পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন।

ডজন ডিমে বাড়তি ৫ টাকা

এদিকে ডিমের বাজারেও নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে। কিছুটা কমার পর আবার বেড়েছে লাল ডিমের দাম। গত দুই সপ্তাহ ধরে প্রতি ডজন লাল ডিম ১২০ টাকায় বিক্রি হলেও শুক্রবার তা বেড়ে ১২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ডিম কিনতে আসা এক ক্রেতা বলেন, মাংস কিনতে পারি না বলে ডিম ও মুরগির ওপর নির্ভর করি। এখন সেখানেও দাম বাড়ছে। সংসারের সব খরচ মেটাতে গিয়ে খাবারের খরচ কমাতে হচ্ছে।

ডিম বিক্রেতাদের ভাষ্য, সরবরাহ ও পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করে খুচরা দাম ওঠানামা করে। পাইকারিতে দাম বাড়লে তাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। তবে অল্প অল্প করে দাম বাড়লেও ক্রেতাদের ওপর এর প্রভাব পড়ে।

গরুর মাংসের চড়া দাম, ব্রয়লার মুরগির মূল্য এবং ডিমের নতুন করে দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের খাদ্যতালিকায় চাপ বাড়ছে। একসময় যে খাবারটি পরিবারের সদস্যদের নিয়ে সপ্তাহে কিংবা মাসে অন্তত একবার খাওয়ার পরিকল্পনা থাকত, এখন সেটিই অনেকের কাছে বিশেষ উপলক্ষের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেহমান এলে মাংস কেনা হয়, আর সেই আয়োজনেই পরিবারের সদস্যদের ভাগ্যে জোটে গরুর মাংস।

এমআর/এআরএম