শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

আর্থিক সংকট থেকে উদ্যোক্তা, ১২ বছরে নিজের পায়ে দাঁড়িয়েছেন ফেরদৌসী

মহিউদ্দিন রাব্বানি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

আর্থিক সংকট থেকে উদ্যোক্তা, ১২ বছরে নিজের পায়ে দাঁড়িয়েছেন ফেরদৌসী
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার নিজ শোরুম ফেরদৌসী বেগম

পরিবারের আর্থিক সংকট সামাল দিতে ঘরে বসেই পোশাকের ব্যবসা শুরু করেছিলেন ফেরদৌসী বেগম। পুঁজি ছিল সীমিত, ছিল না বড় কোনো পরিকল্পনা। তবে নিজের কাজের প্রতি নিষ্ঠা আর পরিবারের সদস্যদের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়েছেন। প্রায় ১২ বছরের পথচলায় অনলাইন ব্যবসা থেকে এখন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় শোরুম পরিচালনা করছেন এই নারী উদ্যোক্তা।

ফেরদৌসীর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘সুইটিস নিউ ফ্যাশন 2.0’। শোরুমের নাম ‘আবরণী নকশা’। বর্তমানে পোশাকের ব্যবসাই তার পরিবারের আয়ের প্রধান উৎস। তবে ব্যবসা সম্প্রসারণে অর্থের সংকট এবং সহজ শর্তে ঋণ না পাওয়াকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই মেলায় ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে নিজের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, ব্যবসার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ফেরদৌসী বেগম।

ব্যবসার শুরু সম্পর্কে তিনি বলেন, ‘প্রায় ১২ বছর ধরে ব্যবসা করছি। প্রথম দিকে ঘরে বসেই কাজ করতাম। করোনার সময় অনলাইন ব্যবসায় সবচেয়ে ভালো সাড়া পেয়েছি। এরপর ধীরে ধীরে বিভিন্ন মেলায় অংশ নেওয়া শুরু করি। গত দুই বছর ধরে একটি শোরুমও চালু করেছি।’

উদ্যোক্তা হওয়ার পেছনে কোনো শখ নয়, বরং আর্থিক প্রয়োজনই তাকে ব্যবসায় এনেছে। অল্প পুঁজি দিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন পূর্ণকালীন পেশায় পরিণত হয়েছে।

ফেরদৌসী বলেন, ‘আর্থিক সংকটের কারণেই শুরু করেছিলাম। খুব অল্প দিয়ে শুরু করেছিলাম। একটু একটু করে বাড়তে বাড়তে এখন এটা পূর্ণকালীন ব্যবসা হয়েছে।’

নারী উদ্যোক্তা হিসেবে পথচলায় সামাজিক প্রতিবন্ধকতার চেয়ে অর্থের অভাবকেই বড় সমস্যা মনে করেন তিনি। অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগী থেকেছেন। ব্যবসার প্রায় সব দায়িত্বও নিজেই সামলান।

তার ভাষায়, ‘আর্থিক সমস্যাটাই বড় সমস্যা। এ ছাড়া অন্য কোনো সমস্যাকে গায়ে লাগাইনি। আমার কাজ করতে হবে, আমি আমার কাজ করব। কে কী বলল, তা নিয়ে ভাবিনি। মেলা করি, দোকানেও বসি। সবকিছু নিজেই সামলাই।’

দেশীয় পোশাকেই বেশি গুরুত্ব 

ফেরদৌসীর ব্যবসায় মূলত দেশীয় পোশাকের প্রাধান্য। ভারতীয় ও পাকিস্তানি পোশাকও বাজারে থাকলেও সেগুলো তুলনামূলক কম রাখেন। কারণ, এসব পণ্যে বিনিয়োগ বেশি প্রয়োজন হয়। সীমিত পুঁজির কারণে দেশীয় পণ্য নিয়েই বেশি কাজ করছেন তিনি।

পণ্য সংগ্রহ করেন টাঙ্গাইলসহ বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি নিজ এলাকার একটি কারখানায় অর্ডার দিয়ে কিছু পোশাক তৈরি করান। বিশেষ করে ওয়ান-পিসের কিছু পোশাক নিজস্ব পছন্দ ও চাহিদা অনুযায়ী তৈরি করেন।

অনলাইন বিক্রির পাশাপাশি শোরুম ও বিভিন্ন মেলায় পণ্য বিক্রি করেন ফেরদৌসী। বৈশাখী মেলা, এসএমই মেলা, বিসিক ও অফিসার্স ক্লাবের মেলায় অংশ নেন। তবে শোরুম চালুর পর মেলায় অংশগ্রহণ কিছুটা কমিয়েছেন।

মেলায় অংশ নেওয়ার খরচও কম নয়। বাংলা একাডেমির বৈশাখী ও এসএমই মেলায় এক সপ্তাহের স্টল ভাড়া প্রায় ২৫ হাজার টাকা। ফলে পণ্য পরিবহন ও অন্যান্য খরচের পাশাপাশি স্টল ভাড়াও তাঁর জন্য বড় ব্যয়।

ঋণ পেতে জটিলতা, নির্ভরতা পরিবারের সহযোগিতায়

ব্যবসা বড় করতে প্রয়োজন বাড়তি পুঁজি। কিন্তু সরকারি বা ব্যাংকঋণ পেতে নানা ধরনের কাগজপত্র ও শর্ত পূরণ করতে হয় বলে মনে করেন ফেরদৌসী। তার মতে, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা সরকারি ঋণ সহজে নিতে পারি না। এক লাখ টাকার ঋণের জন্যও অনেক কিছু চায়। এক লাখ টাকায় কয়টা মাল পাওয়া যায়? তার চেয়ে বাবা-মা, ভাই-বোনের সহযোগিতা নিই। যতটুকু সম্ভব নিজেরাই চেষ্টা করি।’

করোনার সময় একবার অনুদান পেয়েছিলেন তিনি। তবে এর বাইরে উল্লেখযোগ্য কোনো আর্থিক সহায়তা পাননি। ব্যাংকঋণও নেননি।

দুই ছেলের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন ফেরদৌসী। বড় ছেলে বিবিএর শেষ সেমিস্টারে পড়ছেন। ছোট ছেলে ও-লেভেল শেষ করে পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। স্বামী জীবিত থাকাকালে তার সহযোগিতাও পেয়েছেন বলে জানান এই উদ্যোক্তা।

এবারের এসএমই মেলায় স্টল ভাড়ার খরচ কমাতে অন্য একজন উদ্যোক্তার সঙ্গে যৌথভাবে অংশ নিয়েছেন তিনি। দুজনের পণ্য একই স্টলে প্রদর্শন করা হচ্ছে।

ব্যবসা পরিচালনায় এখন পর্যন্ত রাজনৈতিক বাধা কিংবা চাঁদাবাজির শিকার হননি বলে জানান ফেরদৌসী। ছোট পরিসরে ব্যবসা পরিচালনা করায় এ ধরনের সমস্যার মুখোমুখিও হতে হয়নি তার।

দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতায় ব্যবসার পরিসর বাড়লেও পুঁজির সীমাবদ্ধতা কাটেনি। ফেরদৌসীর মতো ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে তাদের ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর