নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কমেছে শ্রমিকের সংখ্যাও। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানে দেখা দিয়েছে স্থবিরতা। দেশের ৭৯ শতাংশ মাঝারি ও বড় শিল্পকারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে ব্যবসার প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক অনুষ্ঠানে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক’ এর প্রথম পর্যায়ের জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল।
এপ্রিল থেকে জুন ২০২৬ প্রান্তিকে দেশের ১৩০টি মাঝারি ও বড় শিল্পকারখানার তথ্য বিশ্লেষণ করে জরিপটি তৈরি করা হয়েছে। এতে উৎপাদন, কাঁচামাল ও জ্বালানির ব্যবহার, কর্মসংস্থান এবং ব্যবসায়িক পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। ফলাফল তুলনা করা হয়েছে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে।
জরিপের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে শিল্পকারখানার প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় অপরিবর্তিত ছিল। তবে কারখানাভেদে উৎপাদনের চিত্রে পার্থক্য রয়েছে। ১৩০টি কারখানার মধ্যে ৪০টিতে উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে ৩০টি কারখানায় উৎপাদন কমেছে।
শিল্পকারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে কারখানাগুলোর সক্ষমতার ব্যবহার ছিল ৬৭ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। তবে বস্ত্রশিল্পে পরিস্থিতির অবনতি বেশি। এ খাতে উৎপাদন সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে। একই সময়ে বস্ত্রশিল্পের উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন ২ শতাংশ বেড়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ ঘাটতিকে উৎপাদন ব্যয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে জরিপে অংশ নেওয়া কারখানাগুলো। এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতিদিন গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে কারখানাগুলো। আগের বছরের তুলনায় এ সময় বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ দ্বিগুণ হয়েছে।
একই সময়ে গ্যাস সরবরাহে দৈনিক গড় বিভ্রাট বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে। আগের বছর এ সময় গ্যাস বিভ্রাটের পরিমাণ ছিল ০ দশমিক ৯ ঘণ্টা। বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এ হার ছিল ৩৮ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে মাত্র ৭ শতাংশে নেমে এসেছে।
জ্বালানি সংকটের পাশাপাশি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধিও শিল্পকারখানার ব্যয় বাড়িয়েছে। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ কারখানা জানিয়েছে, কাঁচামালের দাম বেড়েছে। প্রতিটি কারখানায় জ্বালানি ব্যয় বেড়েছে ৫ শতাংশ এবং পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।
জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয়ের চাপের মধ্যে শিল্পকারখানায় কর্মসংস্থানের চিত্রও নেতিবাচক। জরিপ অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোতে মোট শ্রমিকের সংখ্যা প্রায় ১ শতাংশ কমেছে।
জরিপের বিস্তারিত তথ্যে শ্রমিকের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সময়ে প্রতি কারখানায় নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হার ১৯ শতাংশ কমেছে। নতুন নিয়োগের বড় অংশই ছিল চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকদের শূন্য পদ পূরণের জন্য। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সীমিত রয়েছে।
ব্যবসায়িক পরিস্থিতি নিয়েও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। আগের তিন মাসের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে কারখানার ব্যবসায়িক পরিস্থিতি মূল্যায়নের পাঁচটি সূচকের সব কটিই ৫০-এর নিচে ছিল। এসব সূচকের মান ছিল ৩৬ থেকে ৪৩। সূচকে ৫০ মানে পরিস্থিতি অপরিবর্তিত থাকা। এর নিচে থাকলে আগের সময়ের তুলনায় অবনতির ইঙ্গিত পাওয়া যায়।
তবে আগামী তিন মাসের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে কিছুটা আশাবাদী উদ্যোক্তারা। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে ৫৪-এর মধ্যে রয়েছে। উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা নির্দেশক সূচক দাঁড়িয়েছে ৫৪-তে। অর্থাৎ উদ্যোক্তারা উৎপাদন পরিস্থিতির অবনতি থামার পাশাপাশি কিছুটা উন্নতির আশা করছেন।
বিআইডিএস ও বিসিআইয়ের যৌথ উদ্যোগে চালু করা এই সূচকের উদ্দেশ্য হলো শিল্পখাতের স্বল্পমেয়াদি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা। ত্রৈমাসিক ভিত্তিতে মাঝারি ও বড় শিল্পকারখানার তথ্য সংগ্রহ করে উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের আলাদা চিত্র তুলে ধরা হবে। প্রথম পর্যায়ের জরিপে ১৩০টি কারখানার তথ্য নেওয়া হলেও সূচকটির পরিকল্পনায় শিল্পনীতি ২০২২ অনুযায়ী ১৪টি উপখাতের ১০০টি মাঝারি ও বড় কারখানার একটি স্থায়ী প্যানেল রাখার কথা রয়েছে।
জরিপের মূল পর্যবেক্ষণে বলা হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে শিল্পের উৎপাদন আগের বছরের গড়ের কাছাকাছি থাকলেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘাটতি, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে কারখানাগুলো বেশ চাপের মধ্যে রয়েছে। এর প্রভাব পড়ছে উৎপাদন সক্ষমতার ব্যবহার, কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের ওপরেও।
এএইচ/এফএ