Dhaka Mail Logo

অর্থনীতি

করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী-২০২৬’। এতে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (বাপা) এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশের চা ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানি সম্প্রসারণ এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরির সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) করাচি এক্সপো সেন্টারে পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়। ‘হারভেস্টিং ইনোভেশন, কালটিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ উপহাইকমিশন, করাচির ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের অধীনে মেলায় চা বোর্ডের নিজস্ব চাসহ ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী ও হালদা ভ্যালির মানসম্পন্ন চা প্রদর্শন করা হচ্ছে।

সোমবার সকালে মূল প্রদর্শনীর উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

Bangladesh_participation_in_an_international_food_and_agriculture_fair_in_Karachiএ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রফতানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, করাচিতে পাকিস্তানের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ অন্যান্য দেশের প্রদর্শকরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে আসা ৫০০ জনেরও বেশি আন্তর্জাতিক ক্রেতা, প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল ও আধুনিক কৃষিপ্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের উৎপাদক ও রফতানিকারকদের সঙ্গে যোগাযোগ, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক বৈঠক (বিটুবি) এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সুযোগ পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা।

প্রদর্শনীর প্রথম তিন দিন অর্থাৎ ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত শুধু ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। শেষ দিন ২৬ নভেম্বর সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত করে দেওয়া হবে।

এমআর/এএম