তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর চূড়ান্ত খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির (কয়লা, তেল ও গ্যাস) উল্লেখ না থাকায় শেষ পর্যন্ত ভেস্তে গেছে সমঝোতার উদ্যোগ।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার বাদ দেওয়ায় প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কয়েকটি দেশ। সম্মেলনটি তেল উৎপাদনকারী কয়েকটি রাষ্ট্রের হাতে ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ডারা ও’ব্রায়েন।
রোববার (২২ নভেম্বর) সম্মেলনের সমাপনী অধিবেশনে কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম জানান, প্রস্তাবিত চুক্তির বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ফলে চুক্তিটি গৃহীত হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অবস্থান তুলে ধরে ডারা ও’ব্রায়েন বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ নেই, এমন কোনো চুক্তি তারা সমর্থন করতে পারেন না। তাঁর ভাষায়, জলবায়ু পরিবর্তনের মূল চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানি, অথচ প্রস্তাবিত চুক্তিতে এর কোনো উল্লেখই নেই।
তিনি অভিযোগ করেন, তেল উৎপাদনকারী কয়েকটি রাষ্ট্র সম্মেলনের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। শেষ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মধ্যে সমঝোতার চেষ্টা হলেও তা সফল হয়নি। মার্শাল দ্বীপপুঞ্জ, পানামা, ভানুয়াতু ও বেলিজও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে।
সমঝোতা ভেস্তে যাওয়ার মূল কারণ ছিল কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট ভাষা যুক্ত করার প্রস্তাবে বড় তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তি। প্রস্তাবিত চুক্তিতে সরাসরি জীবাশ্ম জ্বালানির নাম উল্লেখ না করে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনের সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ করা হয়। ওই সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন বিশ্বনেতারা।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে প্রতিটি দেশের নিজস্ব পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। দেশটির আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধানের পথ খোলা রাখা প্রয়োজন।
এদিকে, কার্বন ধারণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব নিয়েও মতবিরোধ তৈরি হয়। জীবাশ্ম জ্বালানি শিল্পের সমর্থিত এ প্রযুক্তি ব্যয়বহুল এবং কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা দীর্ঘায়িত করতে পারে বলে সমালোচনা করেন পরিবেশবাদীরা।
সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিয়েও মতপার্থক্য দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে ধনী দেশগুলোর কাছ থেকে আরও বেশি এবং নির্ভরযোগ্য অর্থায়ন দাবি করে আসছে উন্নয়নশীল দেশগুলো। কিন্তু চূড়ান্ত খসড়া থেকে জলবায়ু অভিযোজনের জন্য প্রস্তাবিত ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয় ঝুঁকিপূর্ণ দেশগুলো।
মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিনিজার বলেন, অর্থায়ন প্রয়োজন হলেও সম্মেলনে অংশীদার দেশগুলো কার্যত খালি হাতে এসেছে। একা এসব সংকট মোকাবিলা করা সম্ভব নয়, আর প্রতিশ্রুতির ওপর নির্ভর করে টিকে থাকাও সম্ভব নয়।
সম্মেলনে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়েও প্রস্তাব আসে। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। তবে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্যারিস চুক্তির লক্ষ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক আলোচক কেট হিউজেস বলেন, প্রস্তাবিত খসড়া জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক বাস্তবতা ও সম্মিলিত উচ্চাকাঙ্ক্ষার জায়গা থেকে পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের জন্য অংশগ্রহণকারী দেশগুলোর ঐকমত্য প্রয়োজন। প্রায় ২০০ দেশের যেকোনো একটি দেশ আপত্তি জানালেও কোনো সিদ্ধান্ত আটকে যেতে পারে। কপ-৩১-এর চুক্তি গৃহীত না হওয়ায় নির্গমন কমানো, জ্বালানি রূপান্তর এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তা নিয়ে নতুন রাজনৈতিক কাঠামো তৈরির উদ্যোগ অনিশ্চয়তায় পড়েছে।
তবে এ ব্যর্থতার কারণে প্যারিস চুক্তি বা আগের জলবায়ু সম্মেলনগুলোর গৃহীত সিদ্ধান্ত বাতিল হচ্ছে না। অমীমাংসিত বিষয়গুলো পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আবারও উঠবে।
এমআর/এএইচ




