Dhaka Mail Logo

অর্থনীতি

এসএমই মেলার দ্বিতীয় দিনে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। উদ্বোধনের পর দ্বিতীয় দিনে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে দেখা যায় উপচে পড়া ভিড়। দেশীয় উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। কেউ কিনছেন পছন্দের পণ্য, কেউ ঘুরে দেখছেন নতুন নতুন পণ্যের সমাহার।

মেলায় মুখরোচক বিভিন্ন ধরনের খাবার, মসলা, জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ও শস্য, কাপড়, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রীসহ নানা ধরনের দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। প্রতিটি স্টলেই রয়েছে নিজস্ব পণ্য ও উৎপাদন প্রক্রিয়ার গল্প। অনেক উদ্যোক্তা নিজেদের হাতে তৈরি পণ্যের গুণগত মান ও বিশেষত্ব তুলে ধরছেন ক্রেতাদের কাছে।

মেলায় অংশ নেওয়া ‘অর্গানিক শস্য ভান্ডার’ এর উদ্যোক্তা ঢাকা মেইলকে বলেন, আমরা বান্দরবান থেকে নিজস্ব প্রক্রিয়ায় বিভিন্ন শস্য উৎপাদন করে ঢাকায় নিয়ে আসি। আমাদের পণ্যের মধ্যে রয়েছে বিন্নি ধানের চাল, ছোট বেগুন, কাঁচা মরিচ ও আখ। বিন্নি ধানের চাল প্রতি কেজি ১৮০ থেকে ২১০ টাকা, ছোট বেগুন ২০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা এবং আখ ৫০ টাকা দরে বিক্রি করছি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। মেলায় এসে অনেকেই পণ্যের উৎপাদন ও সংগ্রহের বিষয়ে জানতে চাইছেন।

মেলায় মসলা সামগ্রীসহ অংশ নেওয়া উদ্যোক্তা জেসমিন আক্তার ঢাকা মেইলকে বলেন, অনেক চ্যালেঞ্জ নিয়ে এই পেশায় এসেছি। ভালো কিছু করতে হবে, সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি অত্যন্ত নিখুঁতভাবে মসলা তৈরি করি। নিজের হাতে তৈরি মসলা নিজেই বিক্রি করি। পণ্যের মান ও বিশুদ্ধতার বিষয়ে কোনো ছাড় দিতে চাই না।

তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা হিসেবে নিজের পণ্য মানুষের কাছে পরিচিত করানো সহজ নয়। তবে মান ভালো রাখতে পারলে ক্রেতাদের আস্থা অর্জন করা সম্ভব। এ ধরনের মেলা আমাদের পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করে।

মেলায় পাটজাত পণ্যের স্টলগুলোতেও ক্রেতাদের আগ্রহ দেখা যায়। পাটের ব্যাগ, ঘর সাজানোর সামগ্রী, নকশা করা উপহারসামগ্রীসহ নানা পণ্য সাজিয়ে রেখেছেন উদ্যোক্তারা। তাদের মতে, পরিবেশবান্ধব পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ফলে পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

চামড়াজাত পণ্যের স্টলগুলোতে রয়েছে ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, জুতা ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী। এসব পণ্যের নকশা, মান ও দাম সম্পর্কে জানতে দেখা যায় অনেক দর্শনার্থীকে। এ ছাড়া দেশীয় কাপড় ও পোশাকের স্টলগুলোতেও ক্রেতাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

খাবারের স্টলগুলোতে ছিল আলাদা আকর্ষণ। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, স্থানীয় ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য ও প্রক্রিয়াজাত খাবার কিনতে ভিড় করেন দর্শনার্থীরা। কেউ পরিবারের জন্য খাবার কিনছেন, আবার কেউ স্বাদ নেওয়ার পাশাপাশি পণ্যের দাম ও মান যাচাই করছেন।

মেলায় আসা কয়েকজন ক্রেতা জানান, একই জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখার ও কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে সরাসরি উৎপাদক বা উদ্যোক্তার কাছ থেকে পণ্যের উৎস, মান ও প্রস্তুতপ্রণালি সম্পর্কে জানার সুযোগ তাদের আগ্রহ বাড়িয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন করেন। সাত দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

এমআর/এফএ