Dhaka Mail Logo

অর্থনীতি

আরডিএর ১০ কোটির প্রকল্পে ৪৯ কোটির আবদার, ব্যয় নিয়ে প্রশ্ন

আব্দুল হাকিম

২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম

১০ কোটি টাকার মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা থাকলেও শেষ পর্যন্ত সেই সীমায় থামতে পারেনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। অবকাঠামোগত চাহিদা ও সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলে প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ, প্রাথমিকভাবে নির্ধারিত ১০ কোটি টাকার তুলনায় প্রস্তাবিত ব্যয় বেড়েছে প্রায় পাঁচ গুণ।

প্রকল্পের আওতায় পুরোনো ভবন সংস্কার, একাধিক ভবনের তলা সম্প্রসারণ, বিদ্যুৎ ও সাবস্টেশন উন্নয়ন এবং ড্রেনেজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে ব্যয় প্রায় পাঁচ গুণ বাড়ানোর পাশাপাশি রাজস্ব ও মূলধন খাতের একাধিক ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।

‘আরডিএ, বগুড়ার অবকাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া। প্রকল্পের পুরো অর্থ সরকারি অনুদান থেকে জোগানের প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত তিন বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পল্লী উন্নয়ন শাখার তৈরি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এসব তথ্য উঠে এসেছে। কার্যপত্রে প্রকল্পের বিভিন্ন ব্যয় খাতের যৌক্তিকতা যাচাই এবং কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা হয়েছে।

প্রকল্পের আওতায় আরডিএ ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা সংস্কার, মেরামত এবং সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও ভিআইপি অতিথি ভবন, মহিলা হোস্টেল ও ক্যাফেটেরিয়া সংস্কার। ১০ তলা ভিত্তির গার্লস হোস্টেলের তৃতীয় ও চতুর্থ তলা সম্প্রসারণ এবং আরডিএ ল্যাব স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলা নির্মাণের প্রস্তাবও রয়েছে। এ ছাড়া ১০ তলা ভিত্তির আইটি ভবন সম্প্রসারণ, ক্যাম্পাসে সংযোগ সড়ক নির্মাণ, ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহের লাইন স্থাপন এবং প্রদর্শনী খামারের গুদামঘর ও সংযোগ করিডোর নির্মাণ করা হবে।

প্রকল্পের ব্যয়ের বড় অংশ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে। ল্যাব স্কুল অ্যান্ড কলেজ ভবনের চতুর্থ তলা নির্মাণে ৫ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার টাকা এবং আইটি ভবন সম্প্রসারণে ৮ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। গার্লস হোস্টেলের তৃতীয় ও চতুর্থ তলা সম্প্রসারণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকা।

আন্তর্জাতিক ও ভিআইপি অতিথি ভবন, আইডব্লিউএম এবং মহিলা হোস্টেল ও ক্যাফেটেরিয়া মেরামতে ১ কোটি ৮১ লাখ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। ক্যাম্পাসের সংযোগ সড়ক নির্মাণে ৪ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা এবং ড্রেনেজ ও পানি নিষ্কাশন কাঠামো নির্মাণে ৪ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। প্রদর্শনী খামারের গুদামঘর ও সংযোগ করিডোর নির্মাণে প্রস্তাব করা হয়েছে ২ কোটি ৯ লাখ ২১ হাজার টাকা।

এ ছাড়া যন্ত্রপাতি কেনায় ৩ কোটি ৪ লাখ টাকা, উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইন ও সাবস্টেশন স্থাপনে ৮ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার টাকা এবং লিফট, এয়ারকুলার ও ফ্যান কেনায় ২ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রকল্পের বিভিন্ন পরিচালন ও আনুষঙ্গিক খাতেও ব্যয় রাখা হয়েছে। আপ্যায়নে দেড় লাখ টাকা, শ্রমিকের মজুরিতে ৩ লাখ, ইন্টারনেট বিলে ৩ লাখ, প্রচার ও বিজ্ঞাপনে সাড়ে ৭ লাখ, ব্যবস্থাপনায় ৬ লাখ, অন্যান্য মনিহারি খাতে ৮ লাখ, কমিটির সভায় ১০ লাখ এবং অফিস সরঞ্জাম কেনায় ৩ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

এসব খাতের ব্যয়ের যৌক্তিকতা পিইসি সভায় আলোচনা করার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রকল্পের বিভিন্ন ব্যয় খাতের প্রয়োজনীয়তা ও প্রাক্কলনের যৌক্তিকতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পের কাজ বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ডিপিপিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পের প্রস্তাবিত মেয়াদ নিয়েও আপত্তি রয়েছে কমিশনের। জুলাই ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত মেয়াদ প্রস্তাব করা হলেও কার্যপত্র তৈরির সময় জুলাই মাস পেরিয়ে গেছে অনেক আগেই। এ কারণে প্রকল্পের বাস্তবায়নকাল পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশ ও বিধিমালা অনুযায়ী ক্রয় পরিকল্পনা তৈরি, ভ্যাট ও আয়কর কর্তনের বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করা এবং প্রকল্পের প্রয়োজনীয় তথ্য পিপিএস সফটওয়্যারে পাঠানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরডিএর কার্যবিবরণী অনুযায়ী জানা গেছে, একাডেমির অবকাঠামোগত উন্নয়নে প্রায় ১৫ বছর ধরে প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রাধিকার তালিকায় প্রকল্পটি অন্তর্ভুক্ত হলেও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় কাজ এগোয়নি। পুরোনো অবকাঠামো সংস্কার ও নতুন স্থাপনা নির্মাণের প্রয়োজনীয়তা থেকেই এবার প্রকল্পটি নতুন করে প্রস্তাব করা হয়েছে।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, প্রকল্পটি প্রথমে ৫০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাব করা হয়েছিল। পরে একপর্যায়ে তা কমিয়ে ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়। তখন অর্থ মন্ত্রণালয় ১০ কোটি টাকার মধ্যেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছিল। তবে পরবর্তী সময়ে চাহিদা ও সম্ভাব্যতা যাচাই করে দেখা যায়, পুরোনো ভবন সংস্কারসহ আরও কিছু অবকাঠামোগত কাজ করা প্রয়োজন। এ কারণে প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা উঠে এসেছে। পরে পিএসসি সভায় বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সম্ভাব্যতা যাচাই অনুযায়ী প্রকৃতপক্ষে যত টাকা প্রয়োজন, সেই পরিমাণ অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে।

এএইচ/এমআর