Dhaka Mail Logo

অর্থনীতি

বন্ধ সঞ্চয়পত্রের লেনদেন, আটকে গ্রাহকের হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

সঞ্চয়পত্র ব্যবস্থাপনার সফটওয়্যারে ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এ খাতের প্রায় সব ধরনের কার্যক্রম। এতে মেয়াদ শেষে মূলধন ফেরত পাওয়া, মুনাফা উত্তোলন এবং নতুন সঞ্চয়পত্র কেনা—সব ক্ষেত্রেই ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। নিজের জমানো টাকা প্রয়োজনের সময় তুলতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নির্দিষ্ট আয়ের মানুষ। একই সঙ্গে উৎসে কর কর্তনের সনদ সংগ্রহ করতে না পারায় আয়কর রিটার্ন জমা দেওয়ার কাজও আটকে যাচ্ছে অনেকের।

গত ১৬ নভেম্বর থেকে জাতীয় সঞ্চয় অধিদফতরের সঞ্চয়পত্র ব্যবস্থাপনার সফটওয়্যারে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে এ খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সার্ভারে বিপুল তথ্যের চাপ এবং সফটওয়্যার আধুনিকায়নের কাজ চলায় এ জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদফতরের উপপরিচালক (নীতি) মুহাম্মদ মিজানুর রহমান জানান, বিপুল পরিমাণ তথ্যের চাপ সামলাতে গিয়ে সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। এ কারণে গত কয়েক দিন ধরে সঞ্চয়পত্রের লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সমস্যাটি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সঞ্চয়পত্রের সার্ভার উন্নয়নের কাজ চলমান থাকায় লেনদেন স্বাভাবিক রাখা যাচ্ছে না। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। দ্রুতই সেবা চালু করা সম্ভব হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।

সফটওয়্যার জটিলতায় ভোগান্তির শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একটি বেসরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বারী জানান, সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ায় তার টাকা পাওয়ার কথা থাকলেও সফটওয়্যার জটিলতার কারণে তা তুলতে পারছেন না। অবসর জীবনে দৈনন্দিন খরচ মেটাতে এ টাকার ওপর নির্ভর করতে হয় তাকে। প্রয়োজনের সময় নিজের জমানো টাকা না পেয়ে আর্থিক সমস্যায় পড়েছেন তিনি। কবে নাগাদ টাকা পাবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।

আরও পড়ুন

মুনাফা কমছে সঞ্চয়পত্রে, উদ্বেগে বিনিয়োগকারীরা

ব্যাংকে অনাস্থা, সঞ্চয়পত্রে ফিরছেন বিনিয়োগকারীরা

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে আসা সঞ্চয়পত্রের একজন গ্রাহক জানান, গত ১৮ নভেম্বর তার মুনাফার টাকা পাওয়ার কথা ছিল। সাধারণত নির্ধারিত সময়ের আগেই ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হয়। কিন্তু ২২ নভেম্বর পর্যন্ত সেই টাকা পাননি তিনি। তার পরিচিত আরও অনেক গ্রাহক একই সমস্যায় পড়েছেন।

জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলতে গিয়েও খালি হাতে ফিরেছেন সোনালী ব্যাংকের আরেক গ্রাহক। স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে দ্রুত টাকার প্রয়োজন হলেও সফটওয়্যার জটিলতার কারণে তা তুলতে পারেননি তিনি। নিজের জমানো টাকা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় কাজে লাগাতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন এই গ্রাহক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার। এ সময়ে মেয়াদ শেষ হওয়ায় গ্রাহকদের ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকার মূলধন ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি মুনাফা বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা।

নতুন সঞ্চয়পত্র বিক্রি, মেয়াদ শেষে মূলধন ফেরত ও মুনাফা পরিশোধ—সব মিলিয়ে এই তিন মাসে আর্থিক কার্যক্রমের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৬২ কোটি টাকার বেশি। ৯২ দিনের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৭২৬ কোটি টাকার কার্যক্রম হয়েছে। সেই হিসাবে পাঁচ দিনে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি টাকার সমপরিমাণ আর্থিক কার্যক্রম ব্যাহত হওয়ার কথা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৪৩ কোটি টাকা।

টিএই/জেবি