নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
চট্টগ্রাম বন্দরের চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার টেন্ডার নিয়ে নানা অনিয়ম-দুর্নীতির নাটকীয় অভিযোগ উঠেছে। দরপত্র আহ্বানের পর থেকে জমা দেওয়ার জন্য মাত্র দুই দিন সময় দেওয়ায় আগ্রহী অনেক প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি বলে অভিযোগ করেছেন বার্থ অপারেটরদের অনেকে।
এ নিয়ে চরম আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরীর অভিযোগ, দরপত্রে আহ্বান ও প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে অবহিত করা হয়নি। ফলে বন্দরে কাজ করা অধিকাংশ অপারেটর প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়নি।
ফজলে একরাম চৌধুরী বলেন, নিয়ম হচ্ছে বন্দর থেকে বার্থ অপারটেরদের ইনভাইট করতে হয়। কিন্তু টেন্ডার ডাকার খবরই আমরা পাইনি। ১৭ নভেম্বর টেন্ডার ডেকে ১৯ তারিখ ড্রপিং। আমরা জানতে পেরেছি ১৮ নভেম্বর। একদিনের মধ্যে কীভাবে কাগজপত্র জোগাড় করব, আর কখন জমা দেব? এ ছাড়া আগামীকাল ২৩ নভেম্বরের মধ্যে অপারেটর চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বন্দর কর্তৃপক্ষের।
তিনি আরও বলেন, পিপিআরে সীমিত দরপত্র পদ্ধতিতে ১৪ দিন সময় দেওয়ার কথা বলা আছে। সেসব কার্যক্রম মাত্র দুই দিনে সম্পন্ন করা হয়েছে। এত অল্প সময়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দরপত্রে অংশ নেওয়া সম্ভব হয়নি।
বোটসোয়া সভাপতি বলেন, বর্তমানে বন্দরে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠান ছাড়া বাকি আগ্রহী অপারেটরদের কেউই অংশ নিতে পারেননি। ওই প্রতিষ্ঠানকে সুযোগ করে দিতে টেন্ডার নিয়ে নাটকীয়তা করা হয়েছে। যদিও এই সময়ে অন্য তিন প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। যাদের টার্মিনাল পরিচালনায় কোনরকম অভিজ্ঞতা নেই।
সিসিটির মতো গুরুত্বপূর্ণ টার্মিনালের অপারেটর নিয়োগের এই প্রক্রিয়াকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ফজলে একরাম চৌধুরী বলেন, আমরা ভেবেছিলাম সবাই মিলে নতুন সরকারকে সহযোগিতা করে এগিয়ে যাব। কিন্তু যে প্রক্রিয়ায় অপারেটর নিয়োগ হচ্ছে তা দুর্ভাগ্যজনক।
তবে বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) আওতায় পিপিআরের বিধান অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়েছে। জমা পড়া প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যের একটি টেন্ডার মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের ভাষ্য, সিসিটিতে অপারেটর নিয়োগের বিষয়টি ট্রাফিক বিভাগের আওতাধীন। দরপত্র জমা পড়েছে। এজন্য সাত সদস্যের টেন্ডার মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এখন মূল্যায়ন চলমান।
দরপত্র প্রক্রিয়ায় পিপিআরের বিধান অনুসরণ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পিপিআর বিধিতে সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) যে শর্ত আছে তা মেনেই দরপত্র প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
বন্দরের তথ্যমতে, চট্টগ্রাম বন্দরের সিসিটি গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরিচালনা করে আসছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পরবর্তী তিন সপ্তাহ সাইফ পাওয়ারটেককে টার্মিনালের কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয় বন্দর কর্তৃপক্ষ।
এর আগে ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিসিটিতে দীর্ঘমেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। সেই প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হওয়ায় আপাতত ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর দরপত্র কেনা এবং ১৯ নভেম্বর জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। মাত্র দুই দিনের এই প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। আগামীকাল ২৩ নভেম্বরের মধ্যে অপারেটর চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বন্দর কর্তৃপক্ষের।
অংশ নেওয়া চারটি প্রতিষ্ঠান হলো— এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। দরপত্র জমা দেওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানামার কাজে নিয়োজিত রয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
এই প্রতিষ্ঠানের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ পরিচালনা করছে। প্রতিষ্ঠানটিকে সুযোগ করে দিতে টেন্ডার নিয়ে নানা নাটকীয়তা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছে।
এদিকে সাইফ পাওয়ারটেক সংশ্লিষ্টদের ভাষ্য, চট্টগ্রাম বন্দরের চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় তাদের নির্ধারিত সময় থেকে ছয় মাস সময় কম দেওয়া হচ্ছে। এই সময়ে বন্দর কর্তৃপক্ষ সিসিটি পরিচালনায় টেন্ডার আহ্বান করেছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ এই টার্মিনালের জেটির দৈর্ঘ্য ৪৫০ মিটার। এখানে একই সময়ে দুটি জাহাজ থেকে কন্টেইনার হ্যান্ডলিং করা যায়।
প্রতিনিধি/এফএ