নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া প্রস্তাব ও গবেষণার তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম সদস্য নির্ধারণ, দারিদ্র্যসীমার হিসাব এবং খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে আবাসন ব্যয় যোগ করার পদ্ধতিতে অসংগতি রয়েছে বলে মনে করছে সংগঠনটি। একই সঙ্গে মজুরি নির্ধারণের ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয়, রফতানি আয়, প্রতিযোগী দেশের মজুরি ও কারখানার সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
চিঠিতে বলা হয়, গত ১৮ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বিষয়ে সিপিডি তাদের পর্যবেক্ষণ ও প্রস্তাবনা উপস্থাপন করেছে। এ উদ্যোগকে স্বাগত জানালেও গবেষণার কয়েকটি তথ্য ও হিসাবপদ্ধতি নিয়ে বিজিএমইএর পর্যবেক্ষণ রয়েছে।
বিজিএমইএর দাবি, সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য থেকে পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য এক দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। এখানে মধ্যক (মিডিয়ান) ব্যবহারের পরিবর্তে গড় (মিন) বিবেচনা করা হলে বিভিন্ন গবেষণার ফলাফল আরও যথাযথভাবে প্রতিফলিত হতো।
চিঠিতে আরও বলা হয়, সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাকশ্রমিক জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল তিন দশমিক সাত জন এবং উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। অথচ নতুন প্রস্তাবে তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বেড়েছে এবং উপার্জনক্ষম সদস্য কমেছে। বিষয়টিকে বস্তুনিষ্ঠ বলে মনে করছে না বিজিএমইএ।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ছিল চার দশমিক ৬৬ জন, ২০১১ সালে চার দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৯৬ জনে। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা কমলেও পোশাকশ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যার দাবি রাখে।
সিপিডির গবেষণায় দারিদ্র্যসীমা নির্ধারণের পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়, প্রতিবেদনে শুধু ঢাকা-শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমাকে (আপার পভার্টি লাইন) ভিত্তি ধরে পুরো পোশাকশিল্পের জন্য মজুরির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। অথচ ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) অনুযায়ী, ঢাকা-শহর ও ঢাকা-গ্রামের উচ্চ দারিদ্র্যসীমার গড় চার হাজার ৫৭৮ টাকা। ঢাকা-গ্রামের ক্ষেত্রে এ পরিমাণ চার হাজার ২৩৪ টাকা।
এ অবস্থায় অঞ্চলভিত্তিক উচ্চ দারিদ্র্যসীমা এবং সংশ্লিষ্ট এলাকায় কারখানার সংখ্যা ও রফতানির পরিমাণ বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ গড় নির্ধারণের সুপারিশ করেছে বিজিএমইএ।
সংগঠনটির দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা-শহর এলাকায় অবস্থিত কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ রফতানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। ফলে শুধু ঢাকা-শহরের তথ্যের ভিত্তিতে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে বাস্তব চিত্র যথাযথভাবে প্রতিফলিত হবে না।
সিপিডির প্রতিবেদনে খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়, প্রতিবেদনের ২২ নম্বর স্লাইডে আনকার পদ্ধতি অনুসরণ করে ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপের ৪০তম পার্সেন্টাইল অনুযায়ী খাদ্য ব্যয়ের শূন্য দশমিক ৮৬৬৭ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করা হয়েছে। এর সঙ্গে আবার অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
বিজিএমইএর মতে, খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আলাদাভাবে আবাসন ব্যয় যোগ করা হলে একই ব্যয় দুইবার গণনার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে সিপিডির হিসাবপদ্ধতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরিকে বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ে দেওয়া বার্ষিক মজুরি বৃদ্ধি বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট হিসাবের বাইরে রাখা হয়েছে।
এ ছাড়া সিপিডির প্রস্তাব শুধু প্রবেশ পর্যায়ের (এন্ট্রি গ্রেড) মজুরিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেছে বিজিএমইএ। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি নিয়ে সিপিডির সুস্পষ্ট মূল্যায়নও প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
মজুরি নির্ধারণে শুধু শ্রমিকের ন্যূনতম চাহিদা নয়, শিল্পের সামগ্রিক সক্ষমতা ও প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছে বিজিএমইএ। এ ক্ষেত্রে শিল্পের গড় মজুরি ব্যয়, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের মজুরি, জ্বালানি, সুদের হার, পরিবহন ও সরবরাহব্যবস্থার ব্যয়সহ উৎপাদনের সামগ্রিক খরচ বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত তিন বছরে পোশাক উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। বিপরীতে রফতানি মূল্য কমেছে দুই দশমিক ছয় শতাংশ। খেলাপি ঋণের চাপের মধ্যে ব্যাংকঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে রফতানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ।
চিঠিতে বলা হয়, সব মিলিয়ে পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা চাপে রয়েছে। গত তিন বছরে ২৮৭টি কারখানা বন্ধ হয়েছে। আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে।
প্রতিযোগী দেশগুলোর মজুরি বৃদ্ধির তুলনামূলক তথ্য তুলে ধরে বিজিএমইএ জানায়, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে নিম্নতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।
এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের মতো চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে বিজিএমইএ। সংগঠনটির ভাষ্য, ভারত ও ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি থাকায় এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রফতানি বাজারে প্রতিযোগিতার ঝুঁকি বাড়তে পারে।
এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি বৃদ্ধির সামগ্রিক প্রভাব মূল্যায়নের আহ্বান জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনটি।
চিঠির শেষাংশে সিপিডির কাছে উত্থাপিত পর্যবেক্ষণগুলোর বিষয়ে মতামত চেয়েছে বিজিএমইএ। একই সঙ্গে শ্রমিক ও শিল্পের স্বার্থ বিবেচনায় একটি যৌক্তিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো প্রণয়নে সিপিডির সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
এমআর/এসআই