Dhaka Mail Logo

অর্থনীতি

‘ব্যাংকিং সংকটে আফ্রিকার সঙ্গে বাণিজ্যের সম্ভাবনা বিকশিত হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতির অভাবে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশে সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

তাসকীন আহমেদ বলেন, বাণিজ্যিক লেনদেনে জটিলতা, পর্যাপ্ত বাণিজ্য অর্থায়ন এবং রফতানি ঋণ নিশ্চয়তা না থাকায় আফ্রিকার বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রত্যাশিতভাবে এগোতে পারছেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক লেনদেনের উপযুক্ত কাঠামো গড়ে তোলা জরুরি।

ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ ও ঘানার বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সরকারি নীতিসহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঘানার আর্থিক প্রযুক্তি, ব্যবসায়িক প্রক্রিয়া ব্যবস্থাপনা, সফটওয়্যার উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতের বিকাশে বাংলাদেশের উদ্যোক্তারা ভূমিকা রাখতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়ার জন্য ঘানার হাইকমিশনারের প্রতি আহ্বান জানাই।

একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, মোটরযান এবং হালকা প্রকৌশলশিল্পের পণ্য আরও বেশি পরিমাণে আমদানির জন্য ঘানাসহ আফ্রিকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ঘানার আগ্রহের কথা তুলে ধরে হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো বলেন, আমার দেশের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি আরও বলেন, স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ঘানা অন্যতম। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোক্তাদের ঘানাকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানাই।

পাশাপাশি তিনি প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহে বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন।

দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, বাণিজ্যিক লেনদেন সহজ ও গতিশীল করতে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা প্রয়োজন। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অন্যদিকে, নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেই বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, আর্থিক প্রযুক্তিসেবা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা আমদানিতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের যথেষ্ট আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার, কোকো বীজ ও কাজুবাদাম আমদানির সুযোগ রয়েছে। এসব পণ্য আমদানিতে বাংলাদেশের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানাই।

বৈঠকে ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর/এফএ