নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
আফ্রিকার বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক ও পাটজাত পণ্যের চাহিদা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা।
দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে পুরো আফ্রিকা মহাদেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো।
বৈঠকে হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ ও ঘানার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ মার্কিন ডলার। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের যে সম্ভাবনা রয়েছে, তার তুলনায় এ পরিমাণ খুবই কম। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ঘানার বাজারে বাংলাদেশের উৎপাদিত ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক এবং পাট ও পাটজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (আফসিএফটিএ)-এর কার্যালয় অবস্থিত। ফলে ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারলে আফ্রিকার বৃহত্তর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
বৈঠকে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ঘানার বাণিজ্য সম্পর্ক জোরদারে দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন সভা এবং সম্ভাব্য বাণিজ্যিক অংশীদার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, স্বর্ণ ও কোকো বীজের অন্যতম রফতানিকারক দেশ ঘানা। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আফ্রিকার বাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানার মিনিস্টার-কাউন্সেলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার-কাউন্সেলর মুনিরু কাদিরি এবং অনারারি কনসুলের বিশেষ সহকারী আরপো খান উপস্থিত ছিলেন।
এমআর/এআরএম