বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

শুল্ক ফাঁকির চেষ্টা, তিন চালানে ধরা পড়ল শাল ও টেম্পার্ড গ্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

শুল্ক ফাঁকির চেষ্টা, তিন চালানে ধরা পড়ল শাল ও টেম্পার্ড গ্লাস
শুল্ক ফাঁকির দায়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃক জব্দকৃত স্কার্ফ, শাল ও টেম্পার্ড টপ গ্লাস।

আমদানি পণ্যের ঘোষণায় অসংগতি ও শুল্ক ফাঁকির চেষ্টা শনাক্ত করে তিনটি চালান থেকে জরিমানাসহ ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এর মধ্যে স্কার্ফের ঘোষণায় বেশি পরিমাণে শাল এবং সাধারণ কাচের ঘোষণায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড গ্লাস আমদানির তথ্য পাওয়া গেছে।

পানগাঁও ও মোংলা কাস্টমস হাউসে আসা এসব চালানে ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে অসংগতি শনাক্ত করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়নের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করে।

বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদর দফতরের অ্যানালাইসিস উইংয়ের পানগাঁওভিত্তিক টিম-০২-এর ঝুঁকি বিশ্লেষণে এম/এস নবিলা ফ্যাশন ও রুবাবা বুটিকসের দুটি আমদানি চালানে রাজস্ব ফাঁকির ঝুঁকি চিহ্নিত হয়। গত ৭ ও ৮ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর ২০৯৫ ও ২০৯৭-এর বিপরীতে চালান দুটির ঘোষিত মোট ওজন ছিল ৩৪ হাজার ৮২৮ কেজি।

চালান দুটিতে স্কার্ফ ও শাল আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গোয়েন্দা বিশ্লেষণে স্কার্ফের তুলনায় বিভিন্ন আকারের শালের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা উঠে আসে। পণ্য দুটির এইচএস কোড ও মোট করভার একই হলেও শুল্কায়ন মূল্যের পার্থক্যের কারণে রাজস্ব ফাঁকির আশঙ্কা ছিল।

পরে সদর দফতরের দল এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, পানগাঁওয়ের যৌথ পরীক্ষায় ঘোষণার চেয়ে স্কার্ফ কম এবং লেডিস শাল ও মিনি শালের পরিমাণ বেশি পাওয়া যায়। এ ঘটনায় পানগাঁও কাস্টমস হাউস দুটি চালান থেকে যথাক্রমে ৪৯ লাখ ৮৮ হাজার ৭৮৯ টাকা ৫৬ পয়সা এবং ৩৯ লাখ ৬৩ হাজার ৪১৮ টাকা ৪৪ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করে। দুটি চালানে আদায়ের পরিমাণ ৮৯ লাখ ৫২ হাজার ২০৮ টাকা।

অন্যদিকে, মোংলাভিত্তিক টিম-০৫-এর ঝুঁকি বিশ্লেষণে আবির ট্রেডার্সের একটি আমদানি চালানে অসংগতি শনাক্ত হয়। ২৫ হাজার ৪৩২ কেজি নেট ওজনের চালানটিতে গ্যাসের চুলার যন্ত্রাংশের সঙ্গে আমদানি করা কাচের পণ্যের এইচএস কোড ৭০০৬.০০.০০ ঘোষণা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

দুই দিনে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বন্ড সুবিধা: ইউএজিএম বিডির বিরুদ্ধে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল

কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা ৬ স্বর্ণের ডিম

তবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, মোংলার শতভাগ কায়িক পরীক্ষায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড টপ গ্লাস পাওয়া যায়। পরীক্ষণ প্রতিবেদনে পণ্যটির সঠিক এইচএস কোড ৭০০৭.১৯.৯০ উল্লেখ করা হয়। একই সঙ্গে অসত্য ঘোষণার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে মোংলা কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়নের মাধ্যমে ৪ লাখ ৭৩ হাজার ৮০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করে। পাশাপাশি ৬ লাখ টাকা অর্থদণ্ড ও বিমোচন জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে এ চালান থেকে আদায় হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ৮০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ঝুঁকি বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের তৎপরতায় তিনটি চালানের ঘোষণার অসংগতি শনাক্ত হওয়ায় এসব রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর