জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
এবার পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে ব্যাংকটির ভবিষ্যৎ কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে একটি রূপরেখা ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পদ্মা ব্যাংক বন্ধ না করে কীভাবে কার্যক্রম চালু রাখা যায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকটিতে নতুন করে মূলধন জোগান, অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা কিংবা বিকল্প কোনো পদ্ধতিতে নিষ্পত্তির বিষয় বিবেচনা করা হচ্ছে। এসব বিকল্প পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত রূপরেখা জানাবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের মোট পাঁচ হাজার ৫৩৯ কোটি টাকা ঋণের মধ্যে চার হাজার ৯৩৩ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। যা ব্যাংকটির মোট ঋণের ৮৯ দশমিক ছয় শতাংশ। ক্রমপুঞ্জীভূত লোকসানসহ নানা আর্থিক সংকটে থাকা ব্যাংকটির মূলধন ঘাটতি গত বছর শেষে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় ব্যাংকটির নিষ্পত্তি করা হবে, তা আগামী এক মাসের মধ্যে জানানো হবে।
উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকার ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ জারি করে। পরবর্তী সময়ে পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ রেখে গত এপ্রিলে এটি আইনে পরিণত হয়। তবে বিভিন্ন পক্ষের চাপের মুখে পরে পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ বাতিল করা হয়। ফলে রেজল্যুশনের আওতায় আসা ব্যাংকের দুরবস্থার জন্য দায়ী ব্যক্তিরা আর ব্যাংকটির মালিকানায় ফিরতে পারবেন না।
এই আইনের আওতায় শরীয়াহভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত এসব ব্যাংকের মোট ঋণের ৮৪ শতাংশের বেশি খেলাপিতে পরিণত হয়েছে। একই সময়ে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দাঁড়িয়েছে দেড় লাখ কোটি টাকার বেশি।
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ হিসেবে ৩৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
টিএই/এসআই