রফতানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানে সাইবার জালিয়াতির ঝুঁকি বাড়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা কিংবা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য অথবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা যাচাই ছাড়া কার্যকর করা যাবে না।
এ ধরনের পরিবর্তনের সত্যতা নিশ্চিত করতে আগে থেকে ব্যবহৃত বিশ্বস্ত যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ করতে হবে। বিশেষ করে সন্দেহজনক লিংক, অননুমোদিত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো কোনো অনুরোধ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রফতানি নথি পাঠানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নথি ও তথ্য আদান-প্রদানে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে, যাতে তথ্য চুরি বা পরিবর্তনের ঝুঁকি কমানো যায়।
এছাড়া ক্রেতা কিংবা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য অথবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা কার্যকর করার আগে বিদ্যমান বিশ্বস্ত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সত্যতা যাচাই করতে হবে।
রফতানি নথি জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা অন্য কোনো প্রতারণার ঘটনা সন্দেহ হলে দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানানোর নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্টরা জানান, রফতানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকি বাড়ছে। বিশেষ করে রফতানি-সংক্রান্ত নথি জালিয়াতি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রফতানিকারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি এ ধরনের সাইবার জালিয়াতির ঝুঁকি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর (এডি ব্যাংক) মাধ্যমে রফতানিকারকদের সচেতন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
টিএই/এএইচ



