জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার পাঁচটি নতুন প্রকল্প উন্নয়নে পরামর্শক সেবা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশে এক হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পগুলোতে বেসরকারি খাত থেকে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। এতে বলা হয়, আগে ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে পরামর্শক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন সেই উদ্যোগ সম্প্রসারণ করে তিন পর্যায়ের কর্মসূচিতে রূপ দেওয়া হয়েছে। এতে মোট ছয়টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে।
এডিবির মতে, এসব প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, পরামর্শক সেবার কার্যপরিধি সম্প্রসারণের মাধ্যমে একক প্রকল্পের গণ্ডি ছাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি সম্প্রসারণযোগ্য বাজার তৈরির অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপে প্রয়োজনীয় পুঁজি, প্রযুক্তি ও দক্ষতা সংগ্রহে এডিবি সহায়তা করবে।
এডিবির পরামর্শক সহায়তায় ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের সরকারি লক্ষ্য অর্জনেও সহায়তা মিলবে।
কর্মসূচির প্রথম পর্যায়ে রয়েছে ফেনী জেলার ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌর ফটোভোল্টাইক প্রকল্প। এর সঙ্গে ২৬ মেগাওয়াট ঘণ্টা সক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা যুক্ত থাকবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। প্রথম প্রকল্পটির অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী দুই পর্যায়ের বাকি পাঁচটি প্রকল্পের কাঠামো ও দরপত্র প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
সম্প্রসারিত কর্মসূচির আওতায় নতুন পাঁচটি প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযোগিতা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা করবে এডিবি। পাশাপাশি প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজারসংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গ্রহণ, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক দরপত্র ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ায় পরামর্শক সেবা দেওয়া হবে।
এ বিষয়ে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং এডিবির পক্ষে ছিংফেং ঝাং সই করেন।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগসহ বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ ত্বরান্বিত করতে চায় সরকার।
টিএই/এসআই