ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য কেন্দ্রটি ২০২৮ সালের জুনে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি চালু হলে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ যুক্ত হবে। পাশাপাশি সোনাগাজীকে প্রায় ৬০০ মেগাওয়াট সক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রকল্পসংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা আঞ্চলিক হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান এবং সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইজিবির চেয়ারম্যান কে এম আলী রেজা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাস্তবায়নকারী সংস্থা।
প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণের কাজ চলছে।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একই জমিতে কৃষিকাজ ও পশুপালনের পরিকল্পনাও রয়েছে প্রকল্পে। এগ্রোভোল্টাইক পদ্ধতিতে জমির বহুমুখী ব্যবহারের মাধ্যমে কৃষি ও জ্বালানি উৎপাদন একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রায় ১ হাজার বেকার যুবক ও নারীকে কম্পিউটার পরিচালনা, মুঠোফোন মেরামত ও সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কম্পিউটার ল্যাব স্থাপন এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এদিকে সোনাগাজীকে বৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আরও দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পার্শ্ববর্তী এলাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৩৮৬ একর জমি অধিগ্রহণের একটি প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এ ছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন অবকাঠামো গড়ে উঠবে। এতে দেশের নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে ইজিবি।
এমআর/এআর




