নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
শ্রমিক প্রতিনিধির অসুস্থতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মালিকপক্ষের দাবি, আজকের সভায় নতুন মজুরির প্রস্তাব জমা দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার ঘোষণা থাকায় দ্রুত মজুরি চূড়ান্ত করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি দেওয়ার জন্য কারখানাগুলো প্রস্তুতি নেওয়ার সময় পাবে।
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানায় সংগঠন দুটি।
যৌথ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আয়োজন করার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। এজন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতিও নিয়েছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে তারা আশা করছেন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়েছে। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি পরিশোধের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিতকৃত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে।
এমআর/এফএ