পণ্য ও সেবার গুণগত মান বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস সম্মেলন (আইসিকিউসিসি-২০২৬)।
তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০টি দল এবং চার হাজার সদস্য অংশ নেবেন। আন্তর্জাতিক অঙ্গনে ‘কোয়ালিটি অলিম্পিক’ নামে পরিচিত এ সম্মেলন বাংলাদেশে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে।
আগামী বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। রোববার (১৬ নভেম্বর) একই হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সম্মেলনে উপদেষ্টা এ এম এম খায়রুল বাশার আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম। বক্তব্য দেন সম্মেলনের কনভেনর ও বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের (বিএসটিকিউএম) সভাপতি এ কে এম শামসুল হুদা।
লিখিত বক্তব্যে খায়রুল বাশার জানান, বিএসটিকিউএম ও ইউএপি যৌথভাবে এবারের সম্মেলনের আয়োজন করছে। এতে ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫৯টি দল অনলাইনে নিজেদের কার্যক্রম উপস্থাপন করবে। বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০টি দল। সম্মেলনে এক হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন।
অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের মধ্যে রয়েছে জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক ও মরিশাস।
সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল’। আগামী ১৯ ও ২০ নভেম্বর ইউএপি ক্যাম্পাসে অংশগ্রহণকারী দলগুলো কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধান, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় কমানো এবং পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নে বাস্তবায়িত উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরবে। এসব উপস্থাপনা মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।
১৮ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
সংবাদ সম্মেলনের উপদেষ্টা এ কে এম শামসুল হুদা বলেন, দেশের উন্নয়নে শুধু সরকারি নিয়ন্ত্রণ বা আইনি পদক্ষেপ যথেষ্ট নয়। পণ্য উৎপাদন ও সেবা দেওয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের মধ্যে গুণগত মান সম্পর্কে সচেতনতা এবং জবাবদিহিতা তৈরি করতে হবে। মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার পাশাপাশি মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও জরুরি।
তিনি আরও বলেন, জাপানের মতো বাংলাদেশেরও বিপুল তরুণ মানবসম্পদ রয়েছে। এই জনশক্তিকে কাজে লাগাতে পারলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এ জন্য শুধু বাণিজ্যিক মুনাফাকে প্রাধান্য দিলে চলবে না। সামাজিক দায়বদ্ধতা, সততা এবং মানসম্পন্ন কাজের মানসিকতা গড়ে তুলতে হবে।
বিএসটিকিউএমের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, প্রতিষ্ঠানটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট চর্চার প্রসারে কাজ করছে। তাদের লক্ষ্য শুধু কর্মক্ষেত্রে গুণগত মান বাড়ানো নয়, বরং নীতিবান ও আদর্শ মানুষ তৈরি করা। এই কার্যক্রম এগিয়ে নিতে সরকারের কাছে আর্থিক অনুদানের পরিবর্তে সমন্বিত সহযোগিতা ও কাজের উপযুক্ত প্ল্যাটফর্ম প্রত্যাশা করেন তিনি।
জাপানের ইউনিয়ন অব জাপানিজ সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জেইউএসই) সমন্বয়ে পরিচালিত আইসিকিউসিসি কিউসিসি ও টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কার্যক্রম প্রসারের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে প্রতিবছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ দুইবার এ আয়োজনের দায়িত্ব পালন করেছে।
আগামী ২০ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে আইসিকিউসিসির পতাকা হস্তান্তর করা হবে।
এমআর/এফএ




