Dhaka Mail Logo

অর্থনীতি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানান।

গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, মালিকপক্ষ মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।

সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।

এসএইচ/এআরএম