Dhaka Mail Logo

অর্থনীতি

‘বিশ্বের শীর্ষ ১০০ এলইইডি পোশাক কারখানার ৬৯টিই বাংলাদেশে’

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

বিশ্বের শীর্ষ ১০০টি এলইইডি কারখানার ৬৯টিই এখন বাংলাদেশে। দেশে বর্তমানে ২৯০টি এলইইডি সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ১২৫টি প্ল্যাটিনাম রেটিংপ্রাপ্ত। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুন পারভেজ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বক্তব্য দেন তিনি।

ড. সাইমুন পারভেজ বলেন, রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে ৬০০ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। এই অর্জন একটি স্বল্পোন্নত দেশের উদ্যোক্তাদের এবং প্রায় ৪০ লাখ শ্রমিকের, যাঁদের বেশির ভাগই নারী। এটি প্রমাণ করে, সবুজ শিল্পায়ন শুধু ধনী দেশগুলোর বিলাসিতা নয়।

তিনি বলেন, সরকার এই লক্ষ্য অর্জনেই এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য রয়েছে। ২০৪০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করা হবে। সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক-সুবিধা দেওয়া হয়েছে। নেট মিটারিংয়ের আওতায় গ্রিডে বিদ্যুৎ বিক্রির দর প্রতি কিলোওয়াট-ঘণ্টা ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে সরকার জাতীয় কার্বন বাজার তৈরি করছে, ২৫ কোটি গাছ লাগাচ্ছে এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধার করছে। গার্মেন্টস খাত আমাদের প্রবৃদ্ধির প্রথম গল্প লিখেছে। আর পাট থেকে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সবুজ শিল্প লিখবে পরবর্তী গল্প।

তিনি আরও বলেন, নেতৃত্বের একটি মূল্য রয়েছে, যা বাংলাদেশের উৎপাদকেরা প্রায় একাই বহন করছেন। এই মূল্যকে তিনটি ভাগে ভাগ করা যায়।

প্রথমত, অর্থায়ন। ঝুঁকিপ্রবণ দেশে সবুজ শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদি স্বল্পসুদের মূলধন ও প্রযুক্তি প্রয়োজন। এই অর্থায়ন বাড়তি ঋণ হিসেবে দেওয়া উচিত নয়।

দ্বিতীয়ত, ন্যায্য মূল্য। যে কারখানা বিশ্বের সর্বোচ্চ পরিবেশমান পূরণ করেছে, সেটি ন্যায্য দাম ও স্থিতিশীল ক্রয়াদেশ পাওয়ার যোগ্য। রূপান্তরের খরচে ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে অংশ নিতে হবে।

তৃতীয়ত, ন্যায্য নিয়ম। বড় বাজারগুলোর নতুন পরিবেশমান বাস্তবায়নে পর্যাপ্ত সময় ও সহায়তা দিতে হবে, যাতে তা বাধা না হয়ে সুযোগ তৈরি করে। ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির সময়ে বিষয়টি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অর্ধ শতাংশেরও কম করে। তা সত্ত্বেও জলবায়ু সংকটের সমাধানে নেতৃত্ব দিচ্ছে দেশটি। বাংলাদেশ সবুজ শিল্পের ভবিষ্যতের জন্য প্রস্তুত। এবার বিশ্ববাসীর পালা বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার।

একে সালমান/একে