বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের বোঝা না বাড়িয়ে পর্যাপ্ত অনুদান এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই দাবি জানান।

ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। 

তারেক রহমান উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থেকে এর বিরূপ প্রভাব মোকাবিলা করছে।

বাংলাদেশের পদক্ষেপ ও সবুজ অর্থনীতির লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে এবং এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরে বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে।

তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানাসহ সবুজ শিল্পের প্রসার ঘটানো হচ্ছে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন, পাটজাত ব্যাগের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে। আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার পাশাপাশি পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান এবং ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে জলবায়ু সহনশীলতা জোরদার করা হচ্ছে।

বৈশ্বিক জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে সরকার প্রধান বলেন, জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বড় বোঝা তৈরি করছে এবং ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সেগুলো হলো—

১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টায় সহায়তা দেওয়া।

২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।

৫. ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে কপ-৩১ সম্মেলনে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

এছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে নির্গমন কমানো, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। 

ভাষণের শেষে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন থেকে একটি অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন এবং প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর