নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার ঢাকা মহানগরসহ ৩৮টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৫টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদফতরের ৫৪টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
একই সঙ্গে গ্যাস সিলিন্ডারের মজুদ, নিরাপত্তাবিধি অনুসরণ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির বিষয়েও নজরদারি করা হয়। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিক মজুদ ও পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি না করতে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো, সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রি এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে বিতরণ করা হয় লিফলেট ও প্রচারপত্র।
অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
এদিকে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদফতর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত হয়ে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
পণ্য কেনাকাটায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা, পণ্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম চলবে বলে জানিয়েছে অধিদফতর।
এমআর/এএম