রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

কারসাজি ঠেকাতে ভোক্তা অধিকারের অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

কারসাজি ঠেকাতে ভোক্তা অধিকারের অভিযান, ৮ লাখ টাকা জরিমানা
পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালিত হয়।

ভোজ্যতেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৫ অক্টোবর) দেশের ৩৬টি জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৫২টি বিশেষ দল দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের মূল লক্ষ্য ছিল ভোজ্যতেল, পেঁয়াজ, আদা ও রসুনসহ রান্নার প্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও সরবরাহে প্রতিবন্ধকতা রোধ করা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্রয়-বিক্রয়ের ভাউচার, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্যের সঠিক ওজন নিশ্চিত করার বিষয়গুলো যাচাই করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ডিজিটাল ওজনে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ নথিপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অযৌক্তিক মজুদদারি ও পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত করার মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বাজারে সচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।

image

অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এদিকে ভোক্তাদের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। কেনাকাটার সময় পণ্যের মেয়াদ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যাচাই করার পাশাপাশি ক্যাশমেমো বা ক্রয়ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য কেনাবেচায় প্রতারণা, মূল্য কারসাজি বা অন্য কোনো অনিয়মের শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর