Dhaka Mail Logo

অর্থনীতি

প্লাস্টিক-সিরামিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী কুয়েতের উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

প্লাস্টিক, সিরামিক, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন শিল্প খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারেও আগ্রহ প্রকাশ করেছেন তারা। এ লক্ষ্যে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন উভয় দেশের প্রতিনিধিরা।

বুধবার (১১ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের এক অনলাইন বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের প্রতিনিধি, কূটনীতিক, এফবিসিসিআই প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা অংশ নেন।

বৈঠকে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা তুলে ধরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের ভোক্তাদের ক্রয়ক্ষমতা বেশি। ফলে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিকসহ বিভিন্ন খাতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি জানান, দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ এবং অংশীদারত্ব জোরদারে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

বৈঠকের মুক্ত আলোচনায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ কুয়েত থেকে বিপুল পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এ খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভিসা জটিলতা দূর করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের প্রস্তাব দেন। দেশে বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতার বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ দেশটির আবাসন খাতে বাংলাদেশি সিরামিকসহ বিভিন্ন নির্মাণসংশ্লিষ্ট পণ্য রপ্তানির সম্ভাবনার কথা জানান।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ।

অনলাইন বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতারা এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।

এমআর/এএম