বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিনিয়োগ উন্নয়নে বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

বিনিয়োগ উন্নয়নে বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগকারীদের সেবা সহজীকরণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা (ইনভেস্ট বাংলাদেশ)। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়াইপার উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে এ পুরস্কার দেওয়া হয়। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থার জমা দেওয়া কার্যক্রমের বিবরণ মূল্যায়ন করে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এ বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে।

ইনভেস্ট বাংলাদেশের এ স্বীকৃতি দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সহায়তা কার্যক্রম জোরদার এবং বিনিয়োগকারীদের জন্য প্রাতিষ্ঠানিক সেবা সহজ করার উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দিতে সংস্থাটি বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।

২০২৫ সালে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সংস্কার উদ্যোগ নেওয়ার আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করে ইনভেস্ট বাংলাদেশ। এসব সংস্কারের মধ্যে ছিল আংশিক রফতানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ ও বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করা।

এছাড়া অ্যাম্বাসেডর কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাতও চিহ্নিত করা হয়।

এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

একই সময়ে কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে।

পুরস্কারের ক্ষেত্রে ওয়াইপার বিচারকমণ্ডলী বাংলাদেশের সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম বাংলাবিজের কার্যক্রম বিশেষভাবে উল্লেখ করেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবার সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়া এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকাও উল্লেখ করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আমাদের সংস্কার উদ্যোগগুলোতে সমর্থন দেওয়ার জন্য সরকার ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিনিয়োগকারীদের আরও সহজে, দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে ইনভেস্ট বাংলাদেশের যারা প্রতিদিন কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি সবার সম্মিলিত প্রচেষ্টার অর্জন।’

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ।

এসব সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়াকে অন্যতম অগ্রাধিকার হিসেবে নিয়েছে সংস্থাটি। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর